ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে পেশাজীবীদের নতুন গবেষণামূলক প্রতিষ্ঠান ফোরাম ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (এফপিডি)।
সংগঠনটির যাত্রা শুরু উপলক্ষে সোমবার হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের চেয়ারম্যান তৌফিক এম সেরাজ।
তিনি বলেন, "এফপিডি সরকার অনুমোদিত একটি অলাভজনক, অবানিজ্যিক এবং অরাজনৈতিক সংগঠন।"
সংগঠনটি সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হবে।
দেশের অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট পেশাজীবীদের মতামত উপেক্ষিত থাকে-এ মন্তব্য করে তিনি বলেন, "এই সংগঠন হবে পেশাজীবীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন পেশার দক্ষ, অভিজ্ঞ এবং মেধাবী পেশাজীবীরা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের মতামত তুলে ধরবে।"
এ জন্য বিভিন্ন বিষয়ের ওপর গোলটেবিল বৈঠক, মতবিনিময় সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করা হবে বলে জানান তিনি।
তৌফিক এম সেরাজ আরো বলেন, "ভূমিকম্প, ভবনে অগ্নিকাণ্ড, অপরিকল্পিত নগরায়ন, যানজট, বিদ্যুত-গ্যাস সংকট, অপরিকল্পিত শিল্পায়ন, কৃষি-জমি হ্রাস, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বিষয়ের ওপর গবেষণা করে তার সুপারিশ তৈরি করে প্রকাশ করা হবে।"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক স্থপতি কাজী আনিস উদ্দিন ইকবাল, পরিচালক প্রকৌশলী তানভিরুল হক প্রবাল, প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ, প্রকৌশলী রবিউল আলম এবং সদস্য সচিব প্রকৌশলী মাহমুদুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/কেএমএস/১৬৫১ ঘ.
bdnews24