২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় ৫ লাশ

নড়াইল, সাভার ও নারায়ণগঞ্জে পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

ঢাকা, জুলাই ০৪, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল, সাভার ও নারায়ণগঞ্জে পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। শনিবার রাত ও রোববার তাদের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে নারায়ণগঞ্জে অজ্ঞাতনামা একজনসহ তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নারায়নগঞ্জ: বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রূপগঞ্জ উপজেলার মঙ্গলকান্দি গ্রামের জাকির হোসেন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। রোববার সকালে বন্দরের হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের পাশে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এছাড়া কলাগাছিয়া বুরুন্দী এলাকার একটি ধান ক্ষেত অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে ওসি জানান। সোনারগাঁ থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে সোনারগাঁ উপজেলার কাজরদী নোয়াকান্দি গ্রামে যৌতুকের কারণে বিলকিছ আক্তার (২৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে তার শ্বশুর বাড়ির লোকজন। বিলকিসের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত বিলকিছের বাবা জজ মিয়া বাদি হয়ে আটজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। নড়াইল: নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁনপুর গ্রামে মাহবুবুর রহমান (২৫) শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রোববার সকালে গ্রামের একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসআই জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। সাভার: আশুলিয়ার গাজিরচট এলাকার একটি স্কুলের পাশের পুকুর থেকে মাহফুজুর রহমান (১১) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে উত্তর ভাদাইল এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে। গাজিরচট এলাকার 'দি টাঙ্গাইল ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলো মাহফুজ। একাডেমির চেয়াম্যান মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার স্কুল ছুটির পর মাহফুজ বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে শুরু করে। পরে রাত নয়টার দিকে স্কুলের পাশে গেদার পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। তবে ওই ছাত্রকে কেউ হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে নাকি সে নিজেই পুকুরের পানিতে ডুবে মারা গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, কোনো স্কুল ছাত্র মারা যাওয়ার খবর তারা পাননি। কেউ থানায় অভিযোগ করেননি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১২১ ঘ.