২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটিয়ে 'সাজানো' মামলায় গ্রেপ্তারের অভিযোগ

নিদের্শ অনুযায়ী সাদা কাগজে স্বাক্ষর দিতে অসম্মতি প্রকাশ করায় চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষকসহ দুজনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্টের (এএসপি) বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিদের্শ অনুযায়ী সাদা কাগজে স্বাক্ষর দিতে অসম্মতি প্রকাশ করায় চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষকসহ দুজনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্টের (এএসপি) বিরুদ্ধে। পরে তাদের সাজানো মামলায় গ্রেপ্তার করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন এএসপি সিদ্দীকুর রহমান। আহত দুজনকে চিকিৎসার পর পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। রোববার তারা জামিনে মুক্তি পান। আগেরদিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (গোমস্তাপুর সার্কেল) সিদ্দীকুর রহমানের কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে নির্যাতনের শিকার দুজনের আত্মীয়-স্বজনারা জানিয়েছেন। নির্যাতনের শিকার দুই ব্যক্তি হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের উদয়নগর গুজরঘাট গ্রামের শিক্ষক গোলাম কবীর (৪০) ও রেজাউল করিম (৩২)। রেজাউল করিমের চাচাতো ভাই সেলিম রেজা ও মাইনুল ইসলাম সাংবাদিকদের জানান, জমিজমা নিয়ে চৌডালা ইউনিয়নের সোনারপাড়া গ্রামের বদিউর রহমান ও তার ছেলে তাইফুল ইসলামের সঙ্গে চলছে বোয়ালিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বিধবা হানুফা খাতুনের। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলা তদন্তে বাদি ও বিবাদিকে শনিবার এএসপির কার্যালয়ে তলব করা হয়। এ ব্যাপারে আগেরদিন তাদের গোমস্তাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি নোটিশ দেওয়া হয়। সেলিম ও মাইনুল অভিযোগ করেন, শনিবার সকালে গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনডেনটেনডেন্ট সিদ্দীকুর রহমানের কার্যালয়ে যাওয়ার পর বিবাদি পক্ষকে তিনি একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলেন। বিবাদি হনুফার আত্মীয় বোয়ালিয়া মাদ্রাসার শিক্ষক গোলাম কবীর ও রেজাউল করিম স্বাক্ষর দিতে অসম্মতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে এএসপি তাদের লাঠি দিয়ে পেটান এবং আটক করেন। এরপর বাদি বদিউর রহমানকে দিয়ে এই দুজনসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা করান। বিরোধপূর্ণ আম বাগানে প্রবেশ, আম পেড়ে নেওয়া ও গাছের ডাল কেটে নেওয়ার অভিযোগে করা এই মামলায় দুপুর সোয়া ৩টায় তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে চালান দেওয়া হয়। রোববার বিকালে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর নির্যাতিতরা একই অভিযোগ করেন। রেজাউল করিমের বোন বেবী বেগম জানান, এসএসপি সিদ্দীকুর রহমান মারপিট করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর ওই জমির কাগজপত্র কেড়ে নেয় তাদের কাছে থেকে। এ ব্যাপারে তিনি রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। এএসপি সিদ্দীকুর রহমান মারধর করার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন।" তিনি দাবি করেন, জমির মামলাটি আদালতে বিচারাধীন। জমিতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞাও রয়েছে। এ মামলার নথিপত্র দেখে তিনি আর সালিশ করেননি। অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে ওই জমিতে প্রবেশ, জমিতে থাকা গাছের আম পাড়া ও গাছের ডাল কেটে নেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত। অভিযুক্তদের কোথায় থেকে, কখন গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, "আমার অফিস বা থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন বিস্তারিত বলতে পারবেন।" তবে তিনি তার কার্যালয়ে বাদি ও বিবাদি দুই পক্ষকে তলব করার বিষয়টি স্বীকার করেন। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, মামলাটি ওসি জাহাঙ্গীর হোসেন তদন্ত করছেন। তিনি দাপ্তরিক কাজে রাজশাহী গেছেন, বিকালে ফিরলে বিস্তারিত বলতে পারবেন। দুজনকে গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সার্কেল (এএসপি) সাহেবের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তিনিই বলতে পারবেন এ দুজনকে কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদি বদিউর রহমানের মোবাইল ফোনে ফোন করে তাকে পাওয়া যায়নি। তার ছেলে আশরাফুল ইসলাম ফোন ধরে বলেন, "বাবা নেই। পরে ফোন করুন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.