পঞ্চগড়, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত এক বাংলাদেশি নাগরিকের লাশ সাতদিন পর ফেরত দেওযা হয়েছে।
রোববার সকালে তেঁতুলিয়া সীমান্তের হাফতিয়াগছ বিএসএফ ফাঁড়ির সদস্যরা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) কাছে লাশ হস্তান্তর করে। দুপুরে পুলিশ লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে।
নিহতের নাম- মনু (৪২)। তিনি গরু ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
মনুর স্বজনদের বরাত দিয়ে তেঁতুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তেঁতুলিয়ার সরদারপাড়া গ্রামের মনু গত ২৭ জুন রাতে ৫/৭ জনকে নিয়ে ভারতে গরু আনতে গেলে তাকে বিএসএফের সদস্যরা গুলি করে হত্যা করে।
এ সময় তার সঙ্গে থাকা অন্য সঙ্গীরা বাংলাদেশে পালিয়ে আসে।
ওসি জানান, বিডিআরের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। তবে বিএসএফ গুলি করার অভিয়োগ অস্বীকার করেছে।
বিডিআরকে পাঠানো বিএসএফ'র চিঠিতে বলা হয়, সীমান্ত সংলগ্ন ভারতীয় এলাকার জঙ্গল থেকে পুলিশ একটি লাশটি উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24