২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ও দৃকে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

জাতীয় শিল্পকলা একডেমীর চিত্রশালা ও দৃক গ্যালারিতে রোববার 'আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী-২০১০' শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 01:17 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় শিল্পকলা একডেমীর চিত্রশালা ও দৃক গ্যালারিতে রোববার 'আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী-২০১০' শুরু হয়েছে। চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উভয় ভেন্যুতে প্রদর্শনী চলবে। উন্মুক্ত থাকবে সবার জন্য। প্রদর্শনীতে ২০টি দেশের ৬৯টি বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রী অংশ নেন। ওইসব দেশের ১৬৯ জন আলোকচিত্রীর ৪৫০টি চিত্র স্থান পেয়েছে। এদের মধ্যে আটটি ক্যাটগরিতে ৩৯টি পুরস্কার দেওয়া হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব এ প্রদর্শনীর আয়োজন করেছে। অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ প্রদর্শনীর মিডিয়া পার্টনার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব প্রতিযোগিতার জন্য বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আলোকচিত্র আহ্বান করে। প্রতিযোগিতায় ২৪টি দেশের ৮৫টি বিশ্ববিদ্যালয়ের তিন হাজার আলোকচিত্র অংশ নেয়। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সকালে জাতীয় শিল্পকলা একডেমীর চিত্রশালায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশসহ দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, বাহরাইন, কানাডা ও সিঙ্গাপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজ জি এ সিদ্দিকী, প্রতিযোগিতার প্রধান বিচারক আবির আবদুল্লাহ, নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ওয়াজদা আখতার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় শিল্পকলা একডেমীর চিত্রশালার প্রদর্শনী দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। দৃক গ্যালারির প্রদর্শনী সকাল থেকেই শুরু হয়। প্রতিযোগিতায় অ্যাকশন, আর্কিটেকচার, ল্যান্ডস্ক্যাপ, লাইফ ও পোর্ট্রটে ক্যাটাগরিতে রঙিন ও সাদা-কালো এবং ন্যাচার, স্টিল লাইফ ও ফটো স্টোরি ক্যাটাগরিতে রঙিন আলোকচিত্র পুরস্কৃত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩২ ঘ.