ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে এই প্রথম দুটি সরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) মধ্যে ১৫০-২২৫ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রোববার রাজধানীর মতিঝিলে বিউবোর সম্মেলন কক্ষে এ চুক্তিতে বিউবোর পক্ষে প্রতিষ্ঠানের সচিব মো. আজিজুল ইসলাম এবং আরপিসিএল এর পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সবুর স্বাক্ষর করেন।
এ সময় বিউবোর চেয়ারম্যান এএসএম আলমগীর কবির, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম ও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্মারক স্বাক্ষরের আগে বিউবোর চেয়ারম্যান বলেন, "দেশে এই প্রথম দুটি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে।"
গাজীপুরের কোড্ডা এলাকায় ফার্নেস অয়েল এবং গ্যাস ভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান তিনি।
বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য একটি যৌথ কোম্পানী গঠন করে আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হবে বলে তিনি জানান।
এ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪০০ কোটি টাকা।
২০১২ সালের মধ্যে কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান বিউবোর চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমইউএস/কেএমএস/১৪৫৮ ঘ.
bdnews24