গাজীপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) আওতায় জমি অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহারের আশ্বাস পেয়ে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহসড়কের অবরোধ তুলে নিয়েছে এলাকাবাসী।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের খবর পেয়ে গাজীপুরে রাজউকের প্রকল্প বাস্তবায়ন প্রতিরোধে সর্বদলীয় কমিটি তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করে।
পরে সোয়া ৭টার দিকে স্থানীয় জনতা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।
বিকাল ৪টার দিকে সদরের ভোগড়া বাইপাস মহাসড়কে সর্বদলীয় প্রতিরোধ কমিটির ব্যানারে সভা শুরুর পর লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেয় এলাকার লোকজন।
এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা যানবাহন ভাংচুর শুরু করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা ঘোষণা করেন।
এ সময় তিনি সভাস্থলে উপস্থিত সহকারি পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেনের ওয়াকিটকিতে প্রধানমন্ত্রীর পক্ষে পুলিশ সুপার (এসপি) এফ মাহফুজুল হকের বক্তব্য মাইকে শোনান।
ওয়াকিটকিতে এসপি বলেন, "রাজউকের আওতায় গাজীপুরের জমি অধিগ্রহনের যে প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাহার করা হবে।"
পরে মোজাম্মেল হক বলেন, "কোনো ক্রমেই গাজীপুরের জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না। রাজউক যে পরিকল্পনা নিয়েছিল তা অধিগ্রহণ পরিপন্থী।"
একমাত্র সরকারি কাজে জমি অধিগ্রহণ করা যায় উল্লেখ করে তিনি বলেন, কালো টাকার মালিকদের জন্য এবং ধনীদের জন্য এ জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল রাজউক।
প্রধানমন্ত্রীকে তার আশ্বাসের জন্য ধন্যবাদ দিয়ে গাজীপুর-৩ আসনের এই সংসদ সদস্য যারা ওই প্রস্তাব দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।
ড্যাপের আওতায় ২০১৫ সালের মধ্যে গাজীপুরে কয়েকটি উপশহর প্রকল্প করার পরিকল্পনা রয়েছে।
শুক্রবারও বোর্ডবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল হুমকি দিয়ে বলেন, জনগণের স্বার্থে প্রয়োজনে তিনি সংসদ সদস্যপদ ছেড়ে দেবেন।
এলাকাবাসীর দাবি, প্রকল্প বাস্তাবায়িত হলে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানাসহ ঘরবাড়ি, কৃষিজমি, খামার প্রভৃতি ক্ষতিগ্রস্ত হবে।
১৯৯৭ সালে প্রকাশিত এ সংক্রন্ত এক গ্যাজেটে বলা হয়, ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনার আওতায় রাজউক ঢাকা মহানগরীর ৫৯০ বর্গমাইল এলাকাব্যাপী ড্যাপ প্রণয়ন করে। এ বছরের ২২ জুন ড্যাপের গেজেট প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেবি/২০১১ ঘ.
bdnews24