২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে উপশহর প্রকল্পের প্রতিবাদে সমাবেশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) আওতায় প্রস্তাবিত উপশহর প্রকল্পের বিরোধিতা করে সমাবেশ করেছে গাজীপুর সদরের বোর্ডবাজার এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 04:35 PM

Updated : 25 Aug 2022, 01:10 PM

গাজীপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) আওতায় প্রস্তাবিত উপশহর প্রকল্পের বিরোধিতা করে সমাবেশ করেছে গাজীপুর সদরের বোর্ডবাজার এলাকাবাসী। শুক্রবার বোর্ডবাজারে ঢাকা-মায়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এলাকার লোকজন প্রতিবাদ সমাবেশ করে। এতে বিকাল ৪টা থেকে তিন ঘণ্টা মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। ড্যাপের আওতায় ২০১৫ সালের মধ্যে গাজীপুরে কয়েকটি উপশহর প্রকল্প করার পরিকল্পনা রয়েছে ড্যাপে। এলাকাবাসীর দাবি, প্রকল্প বাস্তাবায়িত হলে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানাসহ ঘরবাড়ি, কৃষিজমি, খামার প্রভৃতি ক্ষতিগ্রস্ত হবে। সমাবেশে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল বলেন, গাজীপুরে রাজউকের জনস্বার্থ বিরোধী প্রকল্প বাস্তবায়িত হতে দেওয়া হবে না। রাজউক তার যত উন্নয়ন গাজীপুরের দক্ষিণে উত্তরায় করুক। তারা গাজীপুরে যেন না আসে। জনগণের স্বার্থে প্রয়োজনে তিনি সংসদ সদস্যপদ ছেড়ে দেওয়ার হুমকি দেন। সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, রাজউক প্রতিরোধ কমিটির আহবায়ক ও গাছা ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, গাছা ইউপি'র সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, গাছা ইউনিয়ন বিএনপি সভাপতি মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদ আব্দুল হামিদ, গাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ। ১৯৯৭ সালে প্রকাশিত এ সংক্রন্ত এক গ্যাজেটে বলা হয়, ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনার আওতায় রাজউক ঢাকা মহানগরীর ৫৯০ বর্গমাইল এলাকাব্যাপী ড্যাপ প্রণয়ন করে। এ বছরের ২২ জুন ড্যাপের গেজেট প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩০ ঘ.