সাতক্ষীরা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দাবি মেনে নেওয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্মচারী ইউনিয়ন কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। শনিবার থেকে যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম চলবে।
ভারত থেকে আমদানিকৃত পণ্য ও বন্দর কর্মচারী ইউনিয়নের একজন নেতাকে আটক এবং একজন ভারতীয় ট্রাক চালককে মারধরের ঘটনায় বুধবার সকাল থেকে কর্মচারীরা কর্মবিরতি শুরু করে। এর ফলে বন্ধ হয়ে যায় আমদানি-রপ্তানি।
শুক্রবার দুপুরে কর্মচারী ইউনিয়ন, লেবার ইউনিয়ন, ট্রান্সপোর্ট ইউনিয়ন ও ট্রাক মালিক সমিতির এক যৌথ সভায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দিলওয়ার রাজু।
বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে এই সভায় হয় বলে তিনি জানান।
কাজী নওশাদ আরো জানান, বিডিআর আটককৃত কাপড় ফেরত দিয়েছে। আটককৃত কর্মচারীকেও ছেড়ে দিয়েছে তারা। ভারতীয় ট্রাকচালককে মারধর করায় সংশ্লিষ্ট হাবিলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিডিআর।
ভোমরা বন্দর কাস্টমস সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকার আইএফআইসি ব্যাংকের মাধ্যমে এলসি খুলে ভারত থেকে আনা এই পণ্যের সব কাগজপত্র ঠিক থাকলেও বিডিআর তা মঙ্গলবার রাতে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় বুধবার সকালে একটি সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরিতে উল্লেখ করা হয়, বিডিআর আমদানিকৃত পণ্যসহ এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে গেলেও তার কোনো প্রাপ্তি রসিদ দেয়নি।
কাস্টমস কর্মকর্তা জানান, আমদানিতে অবৈধ কিছু করার সুযোগ নেই। খুলনার কাস্টমস্ কমিশনার এ বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানিয়ে বিডিআরের এই আটকের প্রতিবাদ করেন। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে কাপড়গুলি সাতক্ষীরা শহরে কাস্টমস গুদামে জমা দিতে গেলে তা জমা না নিয়ে কর্মকর্তারা বিডিআরের কাছে ফেরত পাঠায়।
ভোমরা ক্যাম্পের এক বিডিআর সদস্য বুধবার পরিচয়পত্র নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জামাল হোসেন নামের এক ভারতীয় ট্রাকচালককে মারধর করে। এর প্রতিবাদে ভারতীয় ট্রাক চালকরা ভোমরা বন্দরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
তাদের বিক্ষোভের মুখে বুধবার সকাল থেকে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভোমরা বন্দরে ঢুকতে পারেনি। এর ফলে ঘোজাডাঙায় আটকে পড়ে ফল ও অন্যান্য পচনশীল পণ্য বহনকারী প্রায় ৪০০ ট্রাক।
বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম ইকবাল আজিম জানান, কর্মচারী ইউনিয়নের কাউকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ক্যাম্পে আনা হয়েছিল মাত্র। বুধবার তাকে ছেড়েও দেওয়া হয়।
তিনি আরও জানান, আমদানিকৃত তিন ট্রাক সিনথেটিক কাপড়ের মধ্যে লুকিয়ে আমদানি নিষিদ্ধ থ্রিপিস নিয়ে আসায় তা আটক করা হয়েছিল।
বিডিআর কর্মকর্তা বলেন, কাস্টমস এর বাকি কার্যক্রম সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার তা ফেরত দেওয়া হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.
bdnews24