২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ৫ পোশাক শ্রমিকের মুক্তি দাবি

পাঁচ সহকর্মীর মুক্তি দাবিতে আশুলিয়ার শ্রীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকরা শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে। তারা কর্মবিরতি শুরু করলে বিশৃঙ্খলার আশঙ্কায় কর্তৃপক্ষ দুপুরে কারখানায় ছুটি ঘোষণা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 09:43 AM

Updated : 25 Aug 2022, 01:11 PM

সাভার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ সহকর্মীর মুক্তি দাবিতে আশুলিয়ার শ্রীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকরা শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে। তারা কর্মবিরতি শুরু করলে বিশৃঙ্খলার আশঙ্কায় কর্তৃপক্ষ দুপুরে কারখানায় ছুটি ঘোষণা করে। গ্রেপ্তারকৃত শ্রমিকরা হলেন-মোসলেম উদ্দিন, রাজ্জাক, রাজীব, নজরুল ইসলাম ও রেজাউল। একজন চা-পান দোকানির দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ডের সামনে শফিকুল ইসলামের চা-পানের দোকানে বাকিতে খাওয়া নিয়ে ওই পাঁচজনের সঙ্গে দোকান মালিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দোকান মালিককে পিটিয়ে আহত করে। এসআই তাপস কুমার জানান, এ ঘটনায় দোকান মালিক শফিকুল ইসলাম গত ২৯ জুন আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার রাতে এ মামলায় শ্রীপুর এলাকা থেকে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, সকালে 'কুশিয়ারা কম্পোজিট নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড' নামের ওই কারখানার শ্রমিকরা কাজে এসে জানতে পারে তাদের পাঁচ সহকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাদের মুক্তির দাবিতে কারখানার ভিতরেই বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। তাপস কুমার বলেন, "াতারা কারখানার শ্রমিক তা আগে জানলে তাদের গ্রেপ্তার করা হতো না।" কুশিয়ারা কম্পোজিট নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম বলেন, পুলিশ কী কারণে ওই পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করেছে সে সম্পর্কে আমরা কিছু জানি না। বিষয়টি নিয়ে আমরা পুলিশের সঙ্গে কথা বলবো। তিনি বলেন, "কারখানার প্রায় দুই হাজার শ্রমিক তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করলে দুপুরে ছুটি ঘোষণা করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫২৬ ঘ.