বরিশাল জুলাই ০১ (বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম) - বরিশাল জেলা ছাত্রদলের এক নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসা থেকে আটক করা হয় জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আবু হানিফ সুমন ওরফে পিচ্চি সুমনকে (২৯)।
তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রসহ সুমনকে বৃহস্পতিবার দুপুরে কাউনিয়ায় থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব বাদি হয়ে তার বিরুদ্ধেঅস্ত্র আইনে একটি মামলা করেছে।
এসআই আনোয়ার জানান, সুমনকে পরে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, কাউনিয়া এলাকার কমিশনার গলিতে বাসায় অভিযান চালিয়ে সুমনকে আটক করে র্যাব-৮ এর একটি দল। পরে তার দেওয়া তথ্যানুযায়ী বাড়ির পাশের কলাবাগানের মধ্য থেকে ব্যাগে রাখা এলজি ও গুলি উদ্ধার করা হয়।
এদিকে সুমনের স্ত্রী অলি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, র্যাব পরিচয়ে কয়েকজন ২৭ জুন হরতালে বোমাবাজি ও গাড়ি ভাংচুরের অভিযোগে সুমনকে বাসা থেকে ধরে নিয়ে যায়।
র্যাব কর্মকর্তা মেজর রাশেদুল ইসলাম খান অভিযোগ অস্বীকার করে বলেন, সুমনকে বুধবার রাতেই অস্ত্রসহ আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24