ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে অস্থিরতা দূর করতে ট্রেড ইউনিয়ন গঠন এবং তা কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
বৃহস্পতিবার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের জাতীয় সম্মেলনে শ্রমিক নেতারা এ দাবি জানান।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এম. দেলোয়ার হোসেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন শ্রমিকদের ন্যূনতম মজুরী পাঁচ হাজার টাকা করার দাবি জানান।
আমিন বলেন, "বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।"
শ্রমিকদের দাবি উত্থাপনসহ সকল সমস্যা সমাধানের জন্য পোশাক কারখানাগুলোয় ট্রেড ইউনিয়ন গঠনের আহ্বান জানান তিনি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক এম. দেলোয়ার হোসেন বলেন, "শ্রমিক কর্মচারীরা যেন মালিক-ব্যবস্থাপকদের সাথে তাদের মজুরী ও অন্যান্য দাবি-দাওয়া নিয়ে কথা বলতে পারে সেজন্যেই ট্রেড ইউনিয়ন দরকার। কিন্তু মালিকরা তা করতে দিচ্ছে না।"
ট্রেড ইউনিয়ন করার সুযোগ না থাকায় দাবি আদায়ে শ্রমিকরা রাস্তায় নামে উল্লেখ করে দেলোয়ার বলেন "শ্রমিকদের ন্যায্য মজুরিসহ অন্য দাবি মেটানো এবং গার্মেন্টসের নিরাপদ পরিবেশ বজায় রাখার স্বার্থেই মালিকদের উচিত এ ধরণের সংগঠন গড়ার সুযোগ দেওয়া।"
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও 'ইন্ডাস্ট্রিয়াল পুলিশ' বাহিনী গঠনের তীব্র বিরোধীতা করে তিনি বলেন, "এ বাহিনী গঠন করা হলে শ্রমিক নির্যাতনের হার আরো বেড়ে যাবে।"
বক্তারা অবিলম্বে পোশাক শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানান।
সম্মেলনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ড. ওয়াজেদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/১৮৩৫ঘ.
bdnews24