কক্সবাজার, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মদকে আটক করেছে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসারের নির্দেশে বুধবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ওই প্রকৌশলীর বাড়ি থেকে ৭৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
ইউএনও এটিএম কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘুষ না দেওয়ায় ফাইল আটকে রাখার অভিযোগে ঠিকাদাররা সন্ধ্যায় এই প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। বিষয়টি জানতে পেরে তাকে আটকের নির্দেশ দেন তিনি।
মহেশখালী থানার ওসি উত্তম কুমার পাল চক্রবর্তী জানান, উপজেলা প্রকৌশলীকে আটক করে মহেশখালী থানায় আনা হয়েছে। তার বাড়ি থেকে ঘুষের ৭৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.
bdnews24