ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীকে রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত 'বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড: বাস্তবায়ন এবং করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
রাজউক চেয়ারম্যান বলেন, ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের কোনো বিকল্প নেই। একটি 'স্বার্থান্বেষী' মহল ও মুষ্টিমেয় কিছু ব্যক্তির 'স্বার্থের' কারণে ড্যাপ বাধাগ্রস্ত হতে পারে না। সমন্বয়ের অভাবে প্রভাবশালী একটি 'অশুভ' শক্তি এটি বাস্তবায়নের বিরোধিতা করছে।
ড্যাপের আওতাভুক্ত ৫৯০ বর্গমাইল এলাকা রক্ষায় গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
রাজউক চেয়ারম্যান জানান, যখনই কোনো বাড়ির মালিককে ভবনটি অবৈধ মর্মে নোটিশ দেওয়া হয়, তখনই তারা কোর্টে মামলা করে। তখন আদালতের স্থগিতাদেশের কারণে ওই প্রক্রিয়াটি ঝুলে যায়। তিনি এ সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য রাজউকের জন্য আলাদা বেঞ্চ গঠন এবং দ্রুত গতিতে এসব মামলা নিষ্পত্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেলটেক কনসালটেন্ট লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি সালমা এ শফি।
তিনি বলেন, রাজউকের নিয়মিত পর্যবেক্ষক কর্মকর্তার অভাব রয়েছে। এছাড়া ভবন পরিদর্শকের সংখ্যা খুবই অল্প। ঝুঁকিপূর্ণ ভবন নির্ধারণের উন্নত প্রযুক্তিও নেই।
সভায় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ল অ্যান্ড জাস্টিস বিভাগের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান প্রকৌশলীদের পেশাগত জবাবদিহিতা নিশ্চিতে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল গঠনের সুপারিশ করেন।
ব্লাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ব্যারিস্টার রাবেয়া ভূইয়া নজরদারির সুবিধার্থে রাজউককে বিভিন্ন জোনে বিভক্ত করে বিকেন্দ্রীকরণের সুপারিশ করেন। তিনি ইমারত নির্মাণ বিধিমালা পুনর্বিবেচনার আহ্বান জানান। শুধুমাত্র রাজউককে দোষারোপ করে কোনো লাভ হবেনা বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, কাউকে দোষারোপ করে নয় বরং সবাইকে নিজের অবস্থানে থেকে সচেতনতার মাধ্যমেই ড্যাপ বাস্তবায়নের দিকে এগোতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজউকের উন্নয়ন বিভাগের পরিচালক শেখ আব্দুল মান্নান, বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন ব্লাস্টের সভাপতি ড. কামাল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২২৪৪ ঘ.
bdnews24