সাভার, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারের আশুলিয়া থেকে বুধবার সকালে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহতের নাম- আপ্তুল (২২)। তার বাড়ি নাটোর জেলার সদর থানার গোলারী গ্রামে।
আপ্তুল আশুলিয়ার টপ ফ্যাশনস লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার অপারেটর ছিলেন বলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে আপ্তুল কর্মস্থল থেকে বাসায় আসার পর স্ত্রী লতিফা বেগমের সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতি হয়। বুধবার সকালে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় আপ্তুলের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।
ঝগড়ার পর রাতের কোনো এক সময় আপ্তুলকে গলায় শাড়ি পেঁচিয়ে লতিফা শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।
এসআই বিল্লাল জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাউকে গ্রেপ্তার করা হয়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে এখন একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিবেদন/এলএন/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24