২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপিকে আইনি কাঠামোয় আনার প্রস্তাব আফতাবের

সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে (পিপিপি) আইনি কাঠামোর আওতায় আনার প্রস্তাব করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর সভাপতি আফতাব উল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 06:47 PM

Updated : 25 Aug 2022, 12:59 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে (পিপিপি) আইনি কাঠামোর আওতায় আনার প্রস্তাব করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর সভাপতি আফতাব উল ইসলাম। মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে অ্যামচেম আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় তিনি এ প্রস্তাব করেন। আফতাব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ। আফতাব বলেন, "বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি খুব একটা সুখপ্রদ নয়। এক সরকার কোনো উদ্যোগ নিলে পরবর্তী সরকার এসে তা বাতিল করে দেয়। এ অবস্থায় সরাসরি বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, অনেক সময় স্থানীয় উদ্যোক্তারাও বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেন। "তাই পিপিপিকে আইনি কাঠামোর আওতায় আনা প্রয়োজন। এতে সরকার বদল হলেও চলমান প্রকল্প বাস্তবায়িত হবে।" বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ বলেন, সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। বিনিয়োগে আগ্রহী করে তুলতে ধীরে ধীরে সরকারি সহায়তা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, নতুন বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর, অবকাঠামোগত ও নীতিগত সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব রয়েছে। এতে দেশে বৈদেশিক বিনিয়োগের উপর ইতিবাচক প্রভাব পড়বে। এ সরকার ক্ষমতায় আসার পর বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে বলে এস এ সামাদ দাবি করেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, এরই মধ্যে বেশ ক'টি দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে, যারা আগে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও চীনে বিনিয়োগ করতো। শিল্প-প্রতিষ্ঠান স্থাপনে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা বৈদেশিক বিনিয়োগ না আসার অন্যতম কারণ। বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে। ফলে বেশ কিছু বৈদেশিক বিনিয়োগ এখন পাইপলাইনে আছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাডার রাষ্ট্রদূত রবার্ট ম্যাগডুগাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা মোহাম্মদ আজিজুল ইসলাম, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (এমসিসিআই) সভাপতি আনিস উদ দৌলা, বেপজার নির্বাহী চেয়ারম্যান জেনারেল জামিল আহমেদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩৫৬ ঘ.