ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা চৌধুরী আলম চারদিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
পরিবার সদস্য ও দলীয় নেতা-কর্মীরা দাবি করছে, পুলিশ বা র্যাবের সাদা পোশাকের লোকজনই তাকে আটক করে লুকিয়ে রেখেছে।
র্যাব ও পুলিশ কর্মকর্তারা বলছেন, তাদের কাছে চৌধুরী আলমকে আটক বা গ্রেপ্তার করার কোন তথ্য নেই।
২৫ জুন শুক্রবার রাতে একদল লোক ঢাকা ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার ও রমনা বিএনপি সভাপতি আলমকে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে জানান তার গাড়ি চালক।
সে সময় আলমকে বহনকারী কালো প্রাইভেটকারটিও (ঢাকা মেট্রো গ-২৩-৩৫১৬) তারা নিয়ে যায় বলে জানিয়েছেন চালক। তবে পরে সেটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।
আলমের গাড়িচালকের বিবরণ
ঘটনার বিবরণ দিতে গিয়ে গাড়ী চালক অসীম চন্দ্র ভৌমিক জানান, ২৫ জুন রাতে খিলগাঁওয়ের বাসভবন থেকে থেকে চৌধুরী আলম ধানমণ্ডিতে এক আত্মীয়ের বাসার উদ্দেশ রওনা হন। ফার্মগেট ইন্দিরা রোড এলাকায় একটি মাইক্রোবাস থেকে অজ্ঞাত পরিচয় কয়েকজন নেমে চৌধুরী আলমকে গাড়ী থেকে টেনে হেঁচড়ে বের করে তুলে নিয়ে চলে যায়।
অসীম জানান, এ সময় তাকে মারধর করে মাইক্রোবাসের একজন আরোহী চৌধুরী আলমের গাড়ীটি চালিয়ে নিয়ে যায়। পরে তিনি আলমের পরিবারকে এ ঘটনা জানান।
পরিবারের সদস্যদের অভিযোগ
চৌধুরী আলমের ছোট ভাই মো. খুরশীদ আলম মিন্টু জানান, হরতালে গ্রেপ্তার হতে পারেন-এই ভয়ে তার ভাই গত ২১ জুন থেকে দিনের বেলায় বাসায় এলেও রাতে বিভিন্ন আত্মীয়ের বাসায় থাকতেন। ঘটনার রাতে ধানমণ্ডিতে এক আত্মীয়ের বাসায় যাবার পথে তিনি নিখোঁজ হন।
মিন্টু আরও জানান, আলমের গাড়িটি 'অপহৃত' হওয়ার পরদিন কারওয়ান বাজার হোটেল সুপার ষ্টারের সামনে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় তাদের অপর এক গাড়ীচালক। গাড়ীটির কোন ক্ষতি হয়নি। শুধু দুটি ভিউ ফাইন্ডার ছিল না। পরে বিষয়টি তেজগাঁও থানায় অবহিত করা হলে পুলিশ গাড়িটি থানা হেফাজতে নিয়ে আসে।
ঘটনার পরদিন ২৬ তারিখ সকালে তেজগাঁও থানায় চৌধুরী আলমের 'নিখোঁজ' হওয়ার ব্যাপারে জিডি করতে গেলে ওসি জিডি গ্রহণ করেননি বলে অভিযোগ করেন মিন্টু।
মিন্টু জানান, তারা র্যাব, পুলিশ ও অন্যান্য সংস্থায় যোগাযোগ করলেও কোন খোঁজ পাননি।
পুলিশ ও র্যাবের বক্তব্য
পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ ) ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার পর থেকেই পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব চৌধুরী আলমের অবস্থানের ব্যাপারটি নিশ্চিত করার চেষ্টা করে। তবে কোন বাহিনীই তাকে আটক করেনি।"
র্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কামান্ডার মোঃ সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চৌধুরী আলমকে র্যাবের কোন শাখা আটক বা গ্রেপ্তার করেনি। আর এ ব্যাপারে কোন অভিযোগও পাওয়া যায়নি।
আলমের মুক্তি দাবী করেছে বিএনপি
ঢাকা মেয়র সাদেক হোসেন খোকা দাবী করেছেন, চৌধুরী আলমকে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। আইন ও মানবাধিকার রক্ষায় অবিলম্বে তাকে ছেড়ে দেয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানান।
মঙ্গলবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে আলমের মুক্তির দাবীতে এক সংবাদ সম্মেলনে এ সময় তার সঙ্গে অন্যান্য কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।
অপরদিকে আলমের মুক্তি দাবী করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
দলটির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত স্মারকলিপিতে জানানো হয়েছে, ২৫ জুন সাদা পোশাকে র্যাব সদস্যরা চৌধুরী আলমকে গ্রেফতারের পরে কোথায় ও কি অবস্থায় রাখা হয়েছে, তা তার পরিবারকে জানতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন থানা, গোয়েন্দা সংস্থা ও র্যাব কর্তৃপক্ষের কাছে তার অবস্থান জানার চেষ্টা করেও কোন তথ্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমকে/এসআইটি/জিএনএ/২২০৮ ঘ.
bdnews24