ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মামলার এজাহারে অবৈধ ও মিথ্যা তথ্য দিয়ে কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার রাতে দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক হারুন উর রশিদ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়েছে, পেছনের তারিখে নিয়োগ দিয়ে ১৮/১০/২০০৬ তারিখে মিজানুর রহমান, সামি ফয়সাল, এ এস এম হাসানুজ্জামান, আতাহার আলী খান ও সাইফুল্লাহকে কর কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইদিন মৌখিক পরীক্ষা, ফলাফল প্রকাশ, নিয়োগপত্র গ্রহণ ও চাকরিতে যোগদানের মাধ্যমে অবৈধ ও মিথ্যাভাবে কর্মরত দেখিয়ে বেতনভাতা উত্তোলন করেন। তাদের এই কর্মকাণ্ডে উর্ধ্বতন কর্মকর্তারা সহায়তা করেন।
এরা বর্তমানে সিটি কর্পোরেশনে কর্মরত।
অভিযোগ করা হয়েছে, সাজানো পরীক্ষা ও নিয়োগ পদ্ধতিতে দুর্নীতির মাধ্যমে এদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।
এজাহারে আরো বলা হয়েছে, ১৮/১০/২০০৬ তারিখে কর কর্মকর্তা পদে ৩৩ জন পরীক্ষার্থীসহ মোট ১৯৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে সেদিনই ৫ জনকে কর কর্মকর্তা পদে নির্বাচন করে ফলাফল ঘোষণা করা হয়। সেদিনই তাদের নামে খসড়া নিয়োগপত্র অনুমোদন ও নিয়োগদান পত্র বিতরণ দেখিয়ে ৫ জনের ঢাকা সিটি কর্পোরেশনের সচিবের কাছে যোগদান দেখানো হয়। যা পুরোপুরি অসম্ভব ও অবাস্তব।
এরা ছাড়া অপর অভিযুক্তরা হলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ, সাবেক সচিব আলমগীর হোসেন খান, সাবেক প্রধান প্রকৌশলী মেহেদী আলী খান, সাবেক প্রধান হিসাবরক্ষক মোঃ নুরুন্নবী, সাবেক রাজস্ব কর্মকর্তা সাখাওয়াত উল্লাহ, সাবেক সহকারি সচিব আসাদুজ্জামান ও উপ-কর কর্মকর্তা মো. মজিবর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জিএনএ/২২২২ঘ.
bdnews24