ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তাবিত বাজেটকে 'গরীব বান্ধব বাজেট' হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৃহৎ জনগোষ্ঠির কল্যাণ ও অগ্রযাত্রার দিকে লক্ষ্য রেখেই এই বাজেট করা হয়েছে।
তিনি বলেন, "সরকার যে রূপকল্প-২০২১ ঘোষণা করেছে, এই বাজেট তারই প্রতিফলন।"
মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বিকাল সাড়ে ৫টার দিকে শেষ বক্তা হিসেবে বক্তৃতা শুরু করেন।
প্রায় এক ঘণ্টার বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেটের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানান।
সঞ্চয়পত্রের ওপর থেকে প্রস্তাবিত আয়কর প্রত্যাহার, রপ্তানি পণ্যের উৎসে কর শতকরা ১ ভাগ থেকে দশমিক ৫ ভাগ এবং শেয়ার বাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কর শতকরা ১ ভাগ থেকে দশমিক ৫ ভাগ করার জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর শতকরা তিন ভাগ থেকে দু'ভাগ, টিকা উৎপাদনের মূল্য সংযোজন কর প্রত্যাহার, এক হাজার ৫০১ থেকে দু'হাজার সিসি ক্ষমতার গাড়ির ওপর সম্পূরক শুল্ক শতকরা এক'শ ভাগ, বাল্ক গুঁড়ো দুধের ওপর শুল্ক শতকরা পাঁচ ভাগ করার এবং খেজুরের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের জন্যও অনুরোধ করেন প্রধানমন্ত্রী।
কর আদায়ের ক্ষেত্রে দুর্নীতি কমাতে অতিরিক্ত আদায় করা করের একটি অংশ নির্দিষ্ট হারে রাজস্ব কর্মকর্তাদের প্রণোদনা ভাতা হিসাবে দেওয়ার জন্যও তিনি অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী বলেন, "এই বাজেটে গ্রামের জনগণের ভাগ্য উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়েছে। গ্রামীণ অর্থনীতি ও গ্রামের সাবলম্বী করতেই এই বাজেট।"
প্রস্তাবিত বাজেটকে 'উচ্চাভিলাষী' বলে সমালোচনার জবাবে হাসিনা বলেন, উচ্চাভিলাষ থাকতে পারে। কিন্তু তা যেনো বিপত্তি ডেকে না আনে। সে দিকে সরকারের নজর রয়েছে।
তিনি দাবি করেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে।
সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে মন্ত্রিসভার ৭৪টি বৈঠকে ৪৮৭টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরমধ্যে ৪০৫টি বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নের হার শতকরা ৮৩ ভাগ। বিএনপি জোট সরকারের আমলে একই সময়ে ৬৬টি মন্ত্রিসভার বৈঠকে ২৩৭টি সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ৫০টি বৈঠকে ২৮৭টি প্রকল্পে ৯৬ হাজার ৯৪৯ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংসদকে জানান হাসিনা।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে হাসিনা বলেন, "গত সাত বছরে বিদ্যুতের যে চাহিদা বেড়েছে, আমরা তা পূরণ করতে সক্ষম হবো। আমি এই সংসদ থেকে দেশবাসীকে সেটা জানাতে চাই।"
বিদ্যুৎ উৎপাদনে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে সমালোচনার জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ডিসেম্বরের মধ্যে এক হাজার ১২০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে যোগ করতে পারবো। দু'বছরে ১৭০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে যাচ্ছে।
গ্যাস সংকটের বিষয়ে তিনি বলেন, গ্যাসের জন্য অনুসদ্ধান চালাতে হবে। গ্যাস উত্তোলন করতে হবে। যা বিগত চারদলীয় সরকার করেনি। বিবিয়ানায় অতিরিক্ত গ্যাস পাওয়া গেছে বলেও তিনি জানান।
উত্তরাঞ্চলের খনিগুলো থেকে কয়লা উত্তোলনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিয়ে সরকার এখনো চিন্তা-ভাবনা করছে।
তিনি বলেন, দেশে প্রতি বর্গ কিলোমিটারে ১৫০০ থেকে ২০০০ মানুষ বাস করে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে ওই এলাকার লোকজনকে কোথায় সরানো হবে। তিন ফসলী জমি নষ্ট হবে কিনা। যে মাটি উত্তোলন করা হবে তা কোথায় যাবে। এগুলো বিবেচনা করতে হবে।
এ বিষয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
তিনি সংসদকে জানান, এই সরকার ক্ষমতায় আসার পর এক লাখ ১২ হাজার ৪৪৪ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে।
পুরো দেশে ই-ভোটিং পদ্ধতি চালু করার বিষয়েও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
সংসদ নেতা তার বক্তৃতায় আবারো বিরোধীদলকে সংসদে আসার আহবান জানান।
হরতালের সমালোচনা করে তিনি বলেন, "এসব বাদ দিয়ে সংসদে আসেন, কথা বলেন।"
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, এমন কোনো ইস্যু ছিলো না যে হরতালের ডাক দিয়ে জনজীবনে দূর্ভোগ ডেকে আনবেন।
বিরোধীদলে থাকতে আওয়ামী লীগের হরতাল কর্মসূচির সপক্ষে যুক্তি দিয়ে হাসিনা বলেন, "আমরা জনগণের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হরতাল দিয়েছিলাম। বিরোধীদল যে ইস্যুতে হরতাল ডেকেছে, তা তাদের সৃষ্টি।"
তিনি বলেন, হরতালের সময় ইট দিয়ে আঘাত করে সরকারি কর্মকর্তার মাথা থেতলে দেওয়া হয়েছে। এর আগে তো সরকারি কর্মকর্তাদের ওপর হামলা করা হয়নি।
হরতালের সময় হাসপাতালের অস্ত্রপাচার কক্ষও ভাংচুর করা হয়েছে বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএস/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24