২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বরিশালের সঙ্গে ঢাকাসহ অভ্যন্তরীন সকল রুটে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 10:00 AM

Updated : 25 Aug 2022, 01:02 PM

বরিশাল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের সঙ্গে ঢাকাসহ অভ্যন্তরীন সকল রুটে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে মালিক সমিতি। তবে এ ধর্মঘটের সঙ্গে একমত পোষণ করেন নি দূরপাল্লার বাস মালিকেরা। বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ১০টি রুটে সকাল ৬টার পর কোনো বাস ছেড়ে যায়নি। বরিশাল-২ আসনের সাংসদ মনিরুল ইসলাম মনি মালিক সমিতিকে উপেক্ষা করে উজিরপুর-সানুহার-সাতলা রুটে বাস সার্ভিস চালু করায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। গত ১৬ জুন নতুন এই রুটটি উদ্বোধন করা হয়েছে। উজিরপুরের সানুহার থেকে সাতলা পর্যন্ত মিনিবাস সার্ভিস চালু হয় গত সোমবার থেকে। দূরপাল্লার বাস মালিক সমিতির সভাপতি আলী খবির চান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধর্মঘট সম্পর্কে তিনি কিছু জানেন না। হানিফ পরিবহনের ব্যবস্থাপক মো. ইমাম বলেন, ধর্মঘটে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বরিশাল বাস মালিক সমিতি তাদের এক সভায় আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু আমরা এ ধর্মঘটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বরিশালে দূরপাল্লার বাসের কোনো মালিক সমিতি নেই জানিয়ে তিনি বলেন, আমাদের কোনো সিদ্ধান্ত অভ্যন্তরীণ রুটের বাস মালিকরা মানে না তাই আমরা এ ধর্মঘটে যোগ দেইনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেবি/১৫৫৭ ঘ.