চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিল বকেয়া পড়ায় চট্টগ্রাম নগর ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার বেলা ৩টায় বিদ্যুৎ বিভাগের কর্মীরা নগরীর আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনের (নগর ভবন) সংযোগ লাইন বিচ্ছিন্ন করে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী রইস উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারচার্জসহ নগর ভবনের তিন মাসের বিদ্যুৎ বিল ১০ লাখ টাকার উপর বকেয়া পড়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পিডিবি'র জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বারবার নোটিশ দেওয়ার পরও সিটি করপোরেশনের পক্ষ থেকে বকেয়া বিল পরিশোধ করা হয়নি।
এ মাসের শুরুতে সর্বশেষ বিল পরিশোদের নোটিশ দেওয়া হয়েছিল। তারও কোনো সারা না পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মাহফুজুল হক নগর ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলম দোভাষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২৫২ঘ.
bdnews24