ফেনী, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার ফুলগাজী উপজেলার কালীহাট থেকে সোমবার এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবদুর রহমানের (৪৫) বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি ফুলগাজীর আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের পরিবার ও সহকর্মীরা।
ফুলগাজী থানার ওসি শাহাদাত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে হারিয়ে যাওয়া গরু খুঁজতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান।
তার শরীরে বিদ্যুতায়িত হওয়ার লক্ষণ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে আবদুর রহমানকে হত্যা করা হয়েছে অভিযোগ করেছে পরশুরাম উপজেলা শিক্ষক সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্র্রেপ্তার দাবি করেন।
আবদুর রহমানের স্ত্রী সেলিনা আক্তার জানান, গত কয়েকদিন ধরে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি তার স্বামীর কাছে চাঁদা চেয়ে টেলিফোনে হুমকি দিয়ে আসছিলো।
শিক্ষক আবদুর রহমানের মৃত্যুর ঘটনায় ফুলগাজী ও পরশুরামে উপজেলার ৪০টি স্কুল বন্ধ রেখে শিক্ষক ও শিক্ষার্থীরা শোক পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এলএন/ডিডি/২২২০ ঘ.
bdnews24