২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল না করে সংসদে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির জন্যে বিএনপি-জামায়াত হরতাল ডেকেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির জন্যে বিএনপি-জামায়াত হরতাল ডেকেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিরোধীদলের নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, "দেশকে ধ্বংস করার জন্যে কর্মসূচি না দিয়ে উন্নয়নের জন্য সংসদে আসুন।" নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সোমবার রাতে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলের অপকর্ম ও দুর্নীতি ঢাকার জন্য বিএনপি 'অযৌক্তিক ও ইস্যুবিহীন' এই হরতাল ডেকেছে বলে দাবি করেন তিনি। বিএনপির রোববারের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন সাহারা। তিনি বলেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিলো বিএনপি-জামায়াত। তারা পেট্রোল ঢেলে সন্ত্রাসী কায়দায় মানুষ পুড়িয়ে মারা চেষ্টা করেছিলো। হরতালকারীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। হামলায় আহত একজন প্রকৌশলীও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো দাবি করে সাহারা বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকার পুলিশকে দমন-নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। আমরা পুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই।" জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু বলেন, সরকার বদলের সঙ্গে সঙ্গে নীতি বদল করা যাবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পরে নীতির পরিবর্তন হয়েছে। নীতির পরিবর্তন হলে সকালে রাজাকার, বিকালে মুক্তিযোদ্ধারা ক্ষমতায় যাবে। নীতির ধারা অব্যাহত না রাখলে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় বলে মনে করেন তিনি। বিরোধীদলের সমালোচনা করে ইনু বলেন, "খালেদা জিয়া বিদ্যুতের দাবিতে হরতাল ডাকেন। এতে হাসি পায়। অথচ তার উচিত 'খাম্বা কাহিনী'র জন্যে আগে ক্ষমা চাওয়া।" হরতাল ডাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে ইনু বলেন, কখন হরতাল ডাকা দরকার, কখন দরকার নয়-তা ভাবতে হবে। বাজেটকে বাস্তবমুখী উল্লেখ করে বিরোধীদলকে সংসদে আসার আহ্বান জানান তিনি। প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেন, "আমার মন্ত্রণালয় ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আইন প্রয়োগে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপিরকর আমরা।" তিনি জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মন্ত্রিপরিষদে অনুমোদন হয়েছে। ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আরো আলোচনা করেন- নূর মজিদ হুমায়ুন, এম আমানুল্লাহ, জয়নাল আবেদীন, শেফালী মমতাজ, খাদিজা খানম শেফালী, মুরাদ হোসেন, ইসরাফিল আলম, ইকবালুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/২২০৭ ঘ.