২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও নওগাঁয় বজ্রপাতে নিহত ৬

বজ্রপাতে সাতক্ষীরা ও নওগাঁয় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় দুজন এবং নওগাঁর তিন উপজেলায় চারজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

সাতক্ষীরা/সাতক্ষীরা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বজ্রপাতে সাতক্ষীরা ও নওগাঁয় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় দুজন এবং নওগাঁর তিন উপজেলায় চারজন মারা গেছেন। রোববার বিকালে ও সোমবার সকালে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সাতক্ষীরা: সদর উপজেলার পার মাছখোলা ও শহরের বাঁকাল এলাকায় পৃথক বজ্রপাতের এরা হতাহত হয়। নিহতরা হলেন- পার মাছখোলা গ্রামের মোজাম্মেল হোসেন মোজাম (২৮) ও শহরের ইটাগাছা এলাকার শফিকুল ইসলাম (৪০)। আহত ব্যক্তি হলেন মোজাম্মেল হোসেনের ছোট ভাই আব্দুল আলিম। সদর থানার ওসি শাজাহান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, মোজাম্মেল ও তার ছোট ভাই আলিম বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। সকাল সাড়ে ১০ টার সময় বজ্রপাতে মোজাম্মেল ঘটনাস্থলে মারা যান। দুটি গরুও মারা যায়। আহত আব্দুল আলিমকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় একই সময় শহরের অদূরে বাঁকাল মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে মারা যান শফিকুল। নওগাঁ: গত দুদিনে জেলার রাণীনগর, সাপাহার ও মান্দা উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন। স্থানীয়রা জানান, রোববার বিকালে রাণীনগরের পোয়াতা গ্রামের নৃপেন চন্দ্র (৫০) বজ্রপাতে মারাত্মক আহত হন। তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান। একই দিন বিকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান সাপাহারের কামাশপুর গ্রামের মোকলেছুর রহমান (২৫)। এছাড়া সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান মান্দার উত্তর কালিকাপুর গ্রামের ইমান আলীর ছেলে কামরুজ্জামান (২৮)। এর আধা ঘন্টা পর বজ্রপাতে মারা যান একই উপজেলার বলসিং গ্রামের নাছের আলীর স্ত্রী মল্লিকা বিবি (৪০)। আহত হন চারজন। এরা হলেন- সৈয়দ আলী (২৪), সাথী (২২), সাদেক আলী (৪২) ও মাহফুজা আক্তার (১২)। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.