ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিকরা সরকার ঘোষিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি পেয়ে থাকলে মালিকরা তা কমাতে পারবেন না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো সম্পর্কে অবহিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গত ২৪ জুন শ্রম পরিদপ্তর থেকে পাঁচ বছরের মজুরি কাঠামো ঘোষণা করে নতুন বেতন কাঠামো ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী জানান, নতুন মজুরি কাঠামোতে নৌযান শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরি আগের তুলনায় ৬০ থেকে ১০০ শতাংশ বাড়ানো হয়েছে।
তিনি বলেন, "তবে বর্ধিত মজুরির চেয়েও কোনো শ্রমিক বেশি মজুরি পান। নৌযান মালিকরা এ বর্ধিত মজুরিই দেবেন। কোনভাবে তাদের মজুরি কমানো যাবেনা।"
অনেক নৌযান শ্রমিক ইনক্রিমেন্টসহ অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়ায় তাদের বর্তমান মজুরি নতুন কাঠামোতে নির্ধারিত মজুরির চেয়ে বেশি।
বিগত জোট সরকারের সময় নৌশ্রমিকদের মজুরি মাত্র সাড়ে নয় শতাংশ বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার তা কোনো কোনো ক্ষেত্রে শতভাগ পর্যন্ত বাড়িয়েছে।
এছাড়া সকল শ্রমিকের জন্য বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও ধোলাই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মালিকরা শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বর্ধিত বকেয়া মজুরি পরিশোধ করবেন জানিয়ে তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে শ্রমিকরা এ বর্ধিত মজুরি পাবেন। গত ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে এ মজুরি কাঠামো কার্যকর হবে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, কোন মালিক তা কার্যকর না করলে শ্রমিকদের অভিযোগ তদন্ত করে শ্রম পরিদপ্তর তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবেনা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী লিটন ও জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ।
যা আছে নতুন মজুরি কাঠামোতে
শ্রম পরিদপ্তর থেকে প্রকাশিত গেজেটে নৌযান শ্রমিকদের মজুরি সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিু দুই হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনটি ক্যাটাগরিতে নির্ধারণ করা নতুন এ মজুরি কাঠামোতে পাঁচ বছর পর পাঁচটি ইনক্রিমেন্ট যোগ করে স্বয়ংক্রিয়ভাবেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে।
তিনটি ক্যাটাগরির মধ্যে চট্টগ্রাম বন্দর ও বহিঃনোঙ্গরে চলাচলকারী কোস্টার, কোস্টাল ট্যাংকার ও অভ্যন্তরীণ নৌপথে বারো মাস চলাচলকারী কার্গো ও বার্জ-টাগে নিয়োজিত শ্রমিকদের জন্য সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিু তিন হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়।
এছাড়াও মূল মজুরির ৬০ শতাংশ বাড়ি ভাড়া, ৭০০ টাকা চিকিৎসা ভাতা এবং ২৫০ টাকা ধোলাই ভাতা পাবেন এই ক্যাটাগরির শ্রমিকরা। পাঁচ বছর পর তাদের মজুরি সর্বোচ্চ ১৪ হাজার ৭৫৫ টাকা এবং সর্বনিু পাঁচ হাজার ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সকল প্রকার বেসরকারি শ্যালো ট্যাংকার-এ নিয়োজিত শ্রমিকদের জন্য পাঁচ হাজার ৮৯০ টাকা এবং সর্বনিু দুই হাজার ৫৫৫ টাকা মজুরি নির্ধারিত হয়েছে। এছাড়াও মূল মজুরির ৫৫ শতাংশ বাড়ি ভাড়া, ৭০০ টাকা চিকিৎসা ভাতা এবং ২৫০ টাকা ধোলাই ভাতা পাবেন এসব শ্রমিক।
পাঁচ বছর পর এই ক্যাটাগারির শ্রমিকরা সর্বোচ্চ ১০ হাজার ২০০ টাকা এবং সর্বনিু তিন হাজার ৮২৫ টাকা মজুরি পাবেন।
সকল প্রকার বেসরকারি যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী কার্গো, টুইন লঞ্চ, অভ্যন্তরীণ বার্জ ও ফ্লাট এবং বাল্ক হেড (বালু পরিবহণ ও ড্রেজিং) নৌযানে নিয়োজিত শ্রমিকরা সর্বোচ্চ পাঁচ হাজার ২৮০ টাকা এবং সর্বনিু দুই হাজার ১৯০ টাকা মজুরি পাবেন।
এছাড়াও মূল মজুরির ২০ শতাংশ বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৫০ টাকা ধোলাই ভাতা পাবেন এসব শ্রমিক। পাঁচ বছর পর তারা সর্বোচ্চ আট হাজার ৭৬০ টাকা এবং সর্বনিু তিন হাজার ৪৯৫ টাকা মজুরি পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি
bdnews24