ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে ব্যর্থতার কারণে তেজগাঁও পলেটেকনিক কলেজের ছাত্র শরীফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসসহ ছয় আসামীকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে আদালত।
উনিশ বছর আগে মামলাটি দায়ের করা হয়েছিল।
গত বৃহষ্পতিবার খালাসের এ রায় দেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন।
রায়ের বিষয়টি প্রথমে গোপন রাখা হয়। পরে রোববার তা প্রকাশ পায়। খবর পেয়ে আদালতপাড়ার সাংবাদিকরা রায়সহ মামলার নথি দেখতে চাইলে আদালতের পেশকার নথি বিচারকের খাস কামরা থেকে এনে দেখানো যাবে না জানিয়ে মৌখিকভাবে রায়ের তথ্র জানান।
বিকাশের সঙ্গে আরো খালাস পেয়েছেন, মিজানুর রহমান খান, মিজানুর রহমান রিপন, মো. ফারুক, আ. জব্বার ওরফে মুন্না ও মনির হোসেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি দীর্ঘদিন ধরে সাক্ষীর অভাবে ঝুলে ছিল। অভিযুক্ত মনির হোসেন মামলা ঝুলে থাকার বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাটি খারিজের জন্য যান। গত ২৪ মার্চ হাইকোর্ট এ বিচারের জন্য তিন মাস সময় বেঁধে দিয়ে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়।
রায়ের বিবরণে জানা যায়, ১৯৯১ সালের ১১ এপ্রিল তেজগাঁও পলেটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসের সামনে ছাত্রদের মধ্যে বন্দুক যুদ্ধে নিহত হন ওই ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শরীফ।
ওই ঘটনায় ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আবদুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ওই বছরের ২৮ জুন এই ছয়জনসহ শাকিল মাহমুদ নামের অপর একজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে বিচার চলাকালে শাকিল মাহমুদ মারা যান।
মামলার বিচারকালে বাদী, তদন্ত কর্মকর্তাসহ তিনজনের সাক্ষ্য নেওয়া হয়। শুধু তিনজনের সাক্ষ্যের উপর নির্ভর করেই এ মামলার রায় দেওয়া হয়।
এমনকি রাষ্ট্রপক্ষ আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী হাকিমদের আদালতে সাক্ষী হিসেবে আনতেও ব্যর্থ হয়।
এ মামলার হত্যাকান্ডে নিজেদের জড়িয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর অভিযুক্ত মিজানুর রহমান খান ও মিজানুর রহমান রিপন জামিন নিয়ে পালিয়ে যান। রায় ঘোষণার সময় অপর অভিযুক্ত মুন্না ও ফারুক পলাতক ছিলেন।
রায় ঘোষণার সময় বিকাশকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিন পাওয়া মনির হোসেন হাজিরা দেন।
রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবুর কাছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে বিকাশসহ মামলার সব আসামির খালাসের বিষয়টি জানতে চাওয়া হয়। জবাবে তিনি এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।
সাক্ষী হাজির করতে রাষ্ট্রপক্ষের ব্যর্থতা সম্পর্কে জানতে চাইলে এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যর্থতার দায়ভার শুধু আমাদের নয়। আগের সরকার আমলের রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরও।"
বিকাশসহ আরো কয়েকজন খালাসপ্রাপ্তের আইনজীবী মো. মোসলেম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিকাশের বিরুদ্ধে আরো মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/০০২৬ ঘ.
bdnews24