জামালপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জেলার মেলান্দহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
রোববার সন্ধ্যায় মেলান্দহ উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে একই সময়ে ভাংচুরও করা হয়।
আহত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তমিজ উদ্দিন ভূঁইয়াকে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তমিজ উদ্দিন ভূঁইয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, খেলাপি ঋণ আদায়ের তালিকা প্রণয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল মনসুর খান দুলালের সঙ্গে তার মতের মিল হচ্ছিল না। তার কথামতো কাজ না করায় দু'জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এর জেরে সন্ধ্যায় দুলাল ১০/১৫ জন লোকসহ তার কার্যালয়ে ঢুকে চেয়ারের হাতল ভেঙে তাকে বেধড়ক মারধর করেন।
এ সময় অফিসের আসবাবপত্রও ভাংচুর করে তার সহযেগীরা।
তিনি বলেন, "আমি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েছি।"
মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন রাত সাড়ে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে মারধর ও তার অফিস ভাংচুর করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করে আবুল মনসুর খান দুলালের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.
bdnews24