২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে পর্যটন বিল পাস

'বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন বিল-২০১০' পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 11:46 AM

Updated : 25 Aug 2022, 12:54 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন বিল-২০১০' পাস হয়েছে। জাতীয় সংসদের সংসদের রোববারের অধিবেশনে কণ্ঠ ভোটে বিলটি পাস হয়। এর আগে, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের স্থায়ী কমিটির সুপারিশসহ বিলটি গত মঙ্গলবার সংসদে উত্থাপন করেন। বিলটি উত্থাপনের পর তা পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, পর্যটন সমৃদ্ধ ও সম্ভাবনাময় এলাকায় অপরিকল্পিত কর্মকান্ড রোধ করে এর সংরক্ষণ করতে হবে। এ সব এলাকায় বিশেষ পর্যটন অঞ্চল স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো, বিনোদন ও সেবামূলক সুযোগ-সুবিধা সৃষ্টির পাশাপাশি নিয়ন্ত্রণ ও পরিচালনায় আইনানুগ বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন। সেই সঙ্গে পর্যটনকেন্দ্র নির্মাণ ও উন্নয়নকল্পে সরকারি বেসরকারি বা যৌথ উদ্যোগে সরকারের বিনিয়োগ কার্যক্রম গ্রহণই এ আইনের মূল উদ্দেশ্য। বিলে বলা হয়েছে, পর্যটন শিল্প রয়েছে অথবা পর্যটন শিল্পের সম্ভাবনা রয়েছে এমন এলাকাকে চিহ্নিত ও সংরক্ষন করার প্রয়োজন হলে সরকার প্রজ্ঞাপন জারি করে ঐ এলাকাকে সংরক্ষিত হিসেবে ঘোষনা করতে পারবে। এসব এলাকায় যে কোন ধরনের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা যাবে। বিলে আরও বলা হয়েছে, সরকার নিজ উদ্যোগে অথবা বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা বা ব্যক্তি বিশেষের মাধ্যমে বিশেষ পর্যটন অঞ্চলের নিয়ন্ত্রন ও পরিচালনা করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭৪২ ঘ.