ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের সাত বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার সুদ মওকুফ করা হয়েছে।
এই ব্যংকগুলোতে বকেয়া ঋণের পরিমাণ দু'লাখ ১৬ হাজার ২৪৩ কোটি ৮০ লাখ টাকা।
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা জানিয়েছেন। তবে, প্রশ্নে থাকলেও যাদের ঋণের সুদ মওকুফ করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় জানাননি অর্থমন্ত্রী।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ৬৯২ জন ঋণ গ্রহীতার তিন হাজার ছয়'শ ৪৪ কোটি ৮০ লাখ ৩৭ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে।
সোনালী ব্যাংকে ২১৫টি ঋণের নয়'শ ৮৭ কোটি ৯২ লাখ ৫৭ হাজার টাকা, জনতা ব্যাংকে ১১৬টি ঋণের ছয়'শ ৫৫ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার টাকা, অগ্রণী ব্যাংকে ১১৫টি ঋণের নয়'শ ৪৬ কোটি ৬০ লাখ টাকা, রূপালী ব্যাংকে ৫৬টি ঋণের এক'শ ৮৩ কোটি ২৭ লাখ ২৯ হাজার টাকা সুদ মওকুফ করা হয়েছে।
কৃষি ব্যাংকে ৭০টি ঋণের দু'শ ৫৯ কোটি ৪২ লাখ ৭৯ হাজার টাকা, শিল্প ব্যাংকে ৬৩টি ঋণের তিন'শ ২৫ কোটি ৪৫ লাখ তিন হাজার টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১০টি ঋণের আঠারো কোটি ৪৮ লাখ ২৬ হাজার টাকা, শিল্প ঋণ সংস্থার ৪১টি ঋণের দু'শ ৫৬ কোটি পাঁচ লাখ ৪৪ হাজার টাকার এবং বেসিক ব্যাংকের ছয়টি ঋণের এগারো কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে।
ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ২০ জুন পর্যন্ত কৃষি ঋণসহ সরকারি মালিকানাধীন আটটি ব্যাংকের মোট ৬৫ হাজার ৯২৫টি ঋণের সুদ এক হাজার ছয়'শ ৬২ কোটি ৫১ লাখ ৮৯ হাজার (১৬৬২৫১.৮৯ লাখ) টাকা মওকুফ করা হয়েছে।
মন্ত্রী জানান, সোনালী ব্যাংকে ৩৬ হাজার ১২৫টি ঋণের পাঁচ'শ ৫৫ কোটি ৮৬ লাখ ছয় হাজার টাকা, জনতা ব্যাংকে ১৪ হাজার ৭২৭টি ঋণের পাঁচ'শ ৮৬ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা, অগ্রণী ব্যাংকে দু'হাজার ২৭১টি ঋণের দু'শ ৯৯ কোটি ৯১ লাখ ৩৩ হাজার টাকা, রূপালী ব্যাংকে ২২৪টি ঋণের ৯৬ কোটি ৮৭ লাখ ১৭ হাজার টাকা সুদ মওকুফ করা হয়েছে।
কৃষি ব্যাংকে তিন হাজার ১৩৮টি ঋণের ৪২ কোটি ৮৩ লাখ ৭৩ হাজার টাকা, ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৯টি ঋণের ৬৯ কোটি ২৩ লাখ ৬২ হাজার টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নয় হাজার ৩৯৩টি ঋণের দশ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকা, এবং বেসিক ব্যাংকের আটটি ঋণের এক কোটি ৪৭ লাখ ৫৮ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে।
ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবেদীনের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, "মোবাইল ফোন কোম্পানীগুলোর মধ্যে প্রতিযোগিতা বজায় রাখার জন্য আপাতত কোম্পানীগুলোর কলরেট এক করার কোনো পরিকল্পনা সরকারের নাই।"
আরেক প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, মোবাইল কোম্পানীগুলোর কাছ থেকে বর্তমান অর্থ বছরে (২০০৯-১০) ছয়'শ সাত কোটি ৯০ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৬২১ ঘ.
bdnews24