২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাস গ্রেপ্তার, হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 10:21 AM

Updated : 25 Aug 2022, 12:54 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর পর্যবেক্ষণের জন্য তাকে সিসিইউতে রাখা হয়েছে। তার রক্তচাপ ওঠা-নামা করছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রোববার হরতাল চলাকালে রাজধানীর শাজাহানপুর এলাকায় নিজের বাসার কাছে মিছিল ও পিকেটিং করার সময় বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। অসূস্থ হয়ে পড়ায় বেলা আড়াইটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলেও বিকাল ৫টা তাকে ভর্তি দেখানো হয়। হাসপাতালে তাকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে। মির্জা আব্বাসের গ্রেপ্তার হওয়ার বিষয়টি মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। ওসি বলেন, মতিঝিলে শনিবার একটি গাড়ি পোড়ানোর মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মির্জা আব্বাসকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে শাজাহানপুরে মিছিল বের করা হয়। ওই মিছিল তার বাড়ির কাছে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালায়। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেছেন, হামলার এক পর্যায়ে র‌্যাব সদস্যদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী তাদের বাড়িতে ঢুকে মারপিট, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১৮০০ ঘ.