দিনাজপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছেন।
মৃত রোগীর স্বজনদের দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা।
মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকাল সাড়ে ৪টায় ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইফতেখার হোসেন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "হাসতাপাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। মামলা প্রত্যাহারে সব ধরনের চেষ্টা করা হবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা ধর্মঘট স্থগিত ঘোষণা করেছি।"
এর আগে সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ১৮ জুন হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর মৃত্যু হলে তার স্বজনরা ইন্টার্ন ডাক্তারদের ওপর হামলা চালায়। এরপর ২১ জুন রাতে কোতয়ালি থানায় ১০ জন চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন তারা।
ইফতেখার জানান, এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাকর্মীরা বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর শাখার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গত বুধবার হাসপাতালের পরিচালক ডা. সামসুল আলমের সঙ্গে দেখা করেন। এসময় ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যহার করা না হলে ২৬ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কথা জানান তারা।
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আটগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাকের দায়ের মামলায় অভিযোগ করা হয়, গত ১৭ জুন বোচাগঞ্জ উপজেলার বাজনিয়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে ওমর ফারুক বিষপান করলে তাকে তাৎক্ষণিক বোচাগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে দিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
দিমেক হাসপাতালে ভর্তির পর ওমর ফারুক সুস্থ হয়ে উঠে। ১৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে ওমর ফারুকের স্বজনরা তাকে দেখতে আসে। তাদের সঙ্গে কথা বলার সময় মেডিসিন ইউনিটের ডা. সাইফুল ইসলাম (৩৮) ও শিক্ষানবীশ চিকিৎসক শিফা (২৫) রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করেন।
এরপর তারা রোগীর দেহে একটি ইনজেকশন দেন। এর পরপরই ওমর ফারুকের শ্বাসকষ্ট শুরু হয় ও জ্ঞান হারিয়ে ফেলেন। এক পর্যায়ে তার মৃত্যু হয়।
আভিযোগে আরো বলা হয়, কথাবার্তা বলতে থাকা রোগী ইনজেকশন দেওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলল কেন- এই কথা বলতে গেলে চিকিৎসকরা ক্ষিপ্ত হয়ে রোগীর বোন রোজিনা খাতুনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
কিছুক্ষণের মধ্যেই প্রায় ১০/১৫ জনের একটি দল ঘটনাস্থলে এসে রোগীর আত্মীয় শামসুল ইসলাম, বয়তুল ইসলাম, শ্যালক সবুজ, রোজিনা খাতুন ও বোন রেহেনা খাতুনকে বেদম মারপিট শুরু করে। এক পর্যায়ে তাদেরকে হাসপাতালের নিচ তলায় একটি কক্ষে আটক করে গলায় পা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয়।
তাদের চিৎকার ও এ ঘটনায় হৈচৈ শুরু হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এলে চিকিৎসকরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের সহায়তায় উদ্ধার হওয়ার পর আহতদের দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেবি/এজে/১৮১৯ ঘ.
bdnews24