২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিএনপির সঙ্গে মাঠে থাকবে সমমনা দলগুলো

রোববারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী এবং সমমনা ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সমমনা দলগুলো হরতালে বিএনপির সঙ্গে মাঠে থাকবে বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 12:46 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী এবং সমমনা ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সমমনা দলগুলো হরতালে বিএনপির সঙ্গে মাঠে থাকবে বলে জানিয়েছে। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব বৈঠক হয়। সমমনা ছয় রাজনৈতিক দল হচ্ছে- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও লেবার পার্টি। রাত আটটায় অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সমমনা দলগুলোর নেতাদের মধ্যে ছিলেন জাগপা'র শফিউল আলম প্রধান, এনপিপি'র শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ-এর জেবেল রহমান গানি, ন্যাপ (ভাসানী)-এর শেখ আনোয়ারুল হক, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপি'র খন্দকার গোলাম মোর্তজা প্রমুখ। বৈঠকের পর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ''২৭ জুনের হরতাল সফল করার জন্য আমরা সমমনা দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা এই হরতালে বিএনপির সঙ্গে মাঠে থাকবেন।'' পরে রাত ন'টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। পৌনে এক ঘন্টা বৈঠকের পর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববারের হরতাল সফল করার বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে। আমরা বিএনপির ডাকা এই হরতাল সফল করতে মাঠে থাকব।'' বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম ও মহানগর সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মহানগর আমীর রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ২৭ জুনের হরতাল সফল করার বিষয়ে জামায়াতের সঙ্গে বিএনপির এটি দ্বিতীয় দফা বৈঠক। এর আগে গত ২২ মে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক হয় বিএনপির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩০০ ঘ.