২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে চট্টগ্রামে বিএনপির মিছিল-সমাবেশ

হরতাল কর্মসূচির সমর্থনে শুক্রবার মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 02:10 PM

Updated : 25 Aug 2022, 12:46 PM

চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতাল কর্মসূচির সমর্থনে শুক্রবার মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। রোববার সারা দেশে সকাল-সন্ধ্যার এই হরতাল কর্মসূচি দিয়েছে দলটি। গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কট নিরসন, টেন্ডারবাজি-দখলবাজি বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী লাঞ্ছনার বিচার, বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ, ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে বিএনপি এই কর্মসূচি দিয়েছে। গত ১৯ মে পল্টন ময়দান থেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া হরতালের ডাক দেন। শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নগর বিএনপির সভাপতি ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশে আওয়ামী লীগের দু:শাসন চলছে। এর জবাব দিতে রোববারের হরতাল সফল করার জন্য জনগণের প্রতি আহবান জানান তিনি। সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির মহানগর নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপি'র সহ-সভাপতি দস্তগীর চৌধুরী, শামসুল আলম, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর কাজীর দেউরীর মোড়, এনায়েত বাজার, আমতল, নিউ মার্কেটসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২০৭ ঘ.