ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও জ্বালানী খাতের আইন ও নীতিমালা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পেশাজীবীদের জন্য কর্মশালা শুরু হয়েছে।
দুইদিন ব্যাপী এ কর্মশালা রাজধানীর ওয়েস্টিন হোটেলে শুক্রবার সকালে শুরু হয়। ব্র্যাক ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব গভার্নেন্স স্টাডিজ (আইজিএস) এবং স্কুল অব ল (এসওএল) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
এনার্জি সেক্টর ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্টের (ইএসসিবি) আওতায় 'এনার্জি রেগুলেটরি ল এন্ড পলিসি' শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আইনুন নিশাত।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বিদ্যুৎ সমস্যা সমাধান গতানুগতিকভাবে করা সম্ভব নয়। এজন্য সরকারকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে।"
শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বিদ্যুতের চাহিদা মেটাতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইন্সটিটিউট অব গভার্নেন্স স্টাডিজের (আইজিএস) পরিচালক মনজুর হাসান এবং স্কুল অব ল (এসওএল) এর আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম প্রধান কে সামসুদ্দিন মাহমুদ, ইএসসিবি প্রকল্পের সমন্বয়কারী তুরিন আফরোজ।
কর্মশালায় ২৫ জন আইন বিশেষজ্ঞ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৮১০ ঘ.
bdnews24