ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ইত্তেফাক শুক্রবার প্রথম প্রহরে যাত্রাবাড়ির কাজলার পাড়ে ভাঙা প্রেস এলাকার নিজস্ব কার্যালয় ও ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছে। এর ফলে পাল্টে গেল পত্রিকাটির প্রিন্টার্স লাইনের ঠিকানাও।
ইত্তেফাকের একজন জ্যেষ্ঠ সাব-এডিটর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ''নতুন ঠিকানা থেকে আজকের পত্রিকাটি ছাপা শুরু হয়েছে। বৃহস্পতিবার যাত্রাবাড়ির নতুন কার্যালয়ে মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে যাত্রাবাড়ির নতুন অফিসেই পত্রিকার সব কাজ হবে।"
পত্রিকাটির অপর একজন সাংবাদিক জানান, ৪০ কারওয়ান বাজারে ইত্তেফাকের বাণিজ্যিক অফিস থাকবে। মতিঝিলেও নেওয়া হয়েছে আরেকটি কার্যালয়।
দৈনিক ইত্তেফাক যাত্রা শুরু করার পর ১ রামকৃষ্ণ মিশন থেকে ছাপা হতো। গত ২ মে পত্রিকাটির প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার দুই ছেলে মইনুল হোসেন ও আনোয়ার হোসেন মঞ্জুর মধ্যে সম্পত্তির ভাগাভাগিতে ইত্তেফাকের মালিকানার দায়িত্ব পান আনোয়ার হোসেন মঞ্জুসহ তার বোনেরা। বড় ভাই সইনুল ওই পত্রিকাটির শেয়ার ছেড়ে দেন। বিনিময়ে তিনি রামকৃষ্ণ মিশনে ইত্তেফাকের জমিসহ স্থাবর সম্পত্তি ও নগদ এক কোটি টাকা পান।
দুই ভাইয়ের মধ্যে এক চুক্তির আওতায় ইত্তেফাক পত্রিকার কার্যালয় ২৪ জুনের মধ্যে সরিয়ে নেওয়ার কথা ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০৪৯ ঘ.
bdnews24