২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো বাঁধেই দিন কাটছে আইলা দুর্গতদের

ঘূর্ণিঝড় আইলায় গৃহহীন ৭০ হাজার মানুষকে আগামী শুষ্ক মৌসুমের আগে পুনর্বাসন করা সম্ভব নয় বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 12:43 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আইলায় গৃহহীন ৭০ হাজার মানুষকে আগামী শুষ্ক মৌসুমের আগে পুনর্বাসন করা সম্ভব নয় বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক। বৃহস্পতিবার আইলার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে মন্ত্রী একথা বলেন। আবদুর রাজ্জাক জানান, আইলা কবলিত সাতক্ষীরা জেলার ৪৭টি বাঁধের মধ্যে আশাশুনি ও শ্যামনগর এবং খুলনার দাকোপ ও কয়রা উপজেলার পাঁচটি ইউনিয়নের ছয়টি ক্ষতিগ্রস্ত বাঁধ এখনো মেরামত করা যায়নি। সময়মতো দাতাদের সহায়তা না পাওয়ার কথা উল্লেথ করে তিনি বলেন, "আগামী শুষ্ক মৌসুমের আগে বাঁধগুলো আর মেরামত করা সম্ভব হবে না।" এ ব্যাপারে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তার প্রতিশ্র"তি দিয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী বছরের মার্চ অথবা এপ্রিলের মধ্যে বাঁধগুলোর মেরামত কাজ শেষ করার লক্ষ্যে এ বছরের সেপ্টেম্বর বা অক্টোবরেই কাজ শুরু করা হবে। ২০০৯ সালের ২৫ মে উপকূলীয় ১৬ জেলায় ঘুর্ণিঝড় আইলা আঘাতের পরই ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণে সরকারিভাবে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আইলায় ৬৪টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও ১৯০ জনের প্রাণহানি ঘটে। ইউএনডিপি'র পরিসংখ্যান উদ্ধৃত করে রাজ্জাক জানান, বর্তমানে পাঁচটি ইউনিয়নের ১৪ হাজার পরিবারের ৭০ হাজার মানুষ এখনো বাঁধের ওপর দিনাতিপাত করছে। তাদের আবাসন, খাবার ও সুপেয় পানিসহ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে প্রায় ৬৩ কোটি টাকা সমমূল্যের ৯০ লাখ মার্কিন ডলারের একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দাতাদের সঙ্গে আলোচনা করে ইউএনডিপি এই প্রকল্প হাতে নিতে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যেই তারা এ ব্যাপারে মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত প্রস্তাব পাঠাবে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকেও সহায়তা প্রদান অব্যাহত থাকবে। সভায় আরো উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মোখলেছুর রহমান ও ইউএনডিপি প্রতিনিধি স্টিফেন প্রিজনারসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার বেশ ক'জন প্রতিনিধি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমকে/জেবি/এইচএ/২১৫০ ঘ.