সিলেট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফররত ভারতের লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমাকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িতে থাকা তার দুই সঙ্গী আহত হলেও তিনি অক্ষত আছেন।
বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারের রাজনগরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পিএ সাংমার অপর এক সঙ্গী সাংবাদিকদের জানান।
তিনি জানান, দুর্ঘটনায় ভারতের রাজ্যসভার সাবেক সদস্য বি বি দত্ত ও সাংমার স্ত্রী সরোজিনী কে সাংমা আহত হয়েছেন।
বি বি দত্ত ঘাড়ে আঘাত পেয়েছেন। তাকে সিলেটের দক্ষিণ সুরমার বেসরকারি ক্লিনিক নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরোজিনী সাংমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ্য আছেন এবং সিলেট সার্কিট হাউসে অবস্থা করছেন।
তাদের সফরসঙ্গী স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তা সফর উদ্দিন সাংবাদিকদের জানান, সিলেট কয়লা আমদানিকারক গ্র"পের একটি সভায় অংশ নিতে সড়কপথে তারা ঢাকা থেকে সিলেটে আসছিলেন।
বিকেল ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজনগর এলাকায় তাদের সামনে থাকা নিরাপত্তা বাহিনীর (সিকিউরিটি ফোর্সের) একটি গাড়ি গতিরোধকে (স্পিড ব্রেকারে) হঠাৎ ব্রেক করে।
এতে পেছনে থাকা পি এ সাংমাকে বহনকারী গাড়িটি ওই গাড়িটির সঙ্গে ধাক্কা খায়।
দক্ষিণ সুরমা থানার ওসি ইকবাল হায়াত দুর্ঘটনার খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বি বি দত্তকে দেখতে ক্লিনিকে গেছেন।
পি এ সাংমা ২১ জুন বাংলাদেশ সফরে আসেন। ওইদিনই তিনি সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24