সাভার, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে বৃহস্পতিবার এক পোশাক শ্রমিককে তার বন্ধুরা ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত আলমগীর হোসেন (২৭) আশুলিয়ার জামগড়া এলাকার বান্দো ডিজাইন নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার মাঝগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টার দিকে সাভারের রেডিও কলোনি সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি ছায়াবিথী এলাকার ভেতরে একটি পুকুর পাড়ে এ হত্যাকাণ্ড ঘটে।
আলমগীর ছায়াবিথী সংলগ্ন নয়াবাড়ি বৌবাড়ি বাজার এলাকার সালাম মিয়ার বাড়ির ভাড়াটে ছিলেন। তার বাবা লিয়াকত পরিবারের অন্য সদস্যদের নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় থাকেন।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন সাংবাদিকদের জানান, টাকা-পয়সা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বন্ধুরা আলমগীরকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু শামীম রেজা পুলিশকে জানান, আক্তার নামের তাদের এক বন্ধু আলমগীরের কাছে টাকা পেত। ওই টাকা নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে পারভেজ, মিন্টু, শরীফ, আজাদ, উজ্জ্বল, সাদ্দাম ও ইব্রাহীম আলমগীরকে ধরে রাখে এবং আক্তার তার পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
শামীর রেজা দাবি করেন, তিনি ঠেকাতে গিয়েছিলেন। কিন্তু আক্তার চাকু নিয়ে তাকেও ধাওয়া করে। তখন তিনি পালিয়ে আসেন।
এসআই ইমাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবও তাদের খুঁজছে।
নিহতের লাশ সাভার থানায় নিয়ে আসা হয়েছে।
ছেলের মৃত্যুর খবর পেয়ে সাভার থানায় ছুটে আসেন লিয়াকত আলী।
সেখানে সাংবাদিকদের তিনি জানান, তার ছেলের সঙ্গে স
bdnews24