ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বন্ধ করে দেওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সাংবাদিক-কর্মীরা বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার টিভি চ্যানেলটির কার্যালয় ঘেরাও করে। চ্যানেলের অন্যতম পরিচালক অধ্যাপক মাজিদুল ইসলামকে তারা দিনভর অবরুদ্ধ করে রাখে।
পরে রাত ন'টার দিকে তিনি পুলিশ প্রহরায় অফিস ত্যাগ করেন।
এর আগে অধ্যাপক মাজিদুল ইসলাম টিভি চ্যানেলের কর্মীদের গত মাসের বেতন পরিশোধ করেন। তিনি জুলাইয়ের মধ্যে আরো দুই মাসের বেতন পরিশোধের লিখিত অঙ্গীকার করেন। এতে বিক্ষুব্ধ কর্মীরা কিছুটা শান্ত হন।
এর আগে চ্যানেল ওয়ানের প্রতিবেদক কামরান করিম জানান, বিটিআরসির এক আদেশের প্রেক্ষিতে সরকার গত ২৭ এপ্রিল চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়। এরপর থেকে এই প্রতিষ্ঠানের সাংবাদিক কর্মচারীরা কোন বেতন ও অন্যান্য পাওনা টাকা পাননি।
তিনি আরও জানান, টিভি চ্যানেলটি বন্ধ হওয়ার সময় অধ্যাপক মাজিদুল ইসলাম বলেছিলেন, কর্মীদের ছয় মাসের বেতন দেওয়া হবে। কিন্তু এই প্রতিশ্র"তির পরও তারা গত দুমাসে কোন বেতন পাননি।
কামরান করিম আরও জানান, অধ্যাপক মজিদুল বকেয়া বেতন পরিশোধের জন্য বৃহস্পতিবার তারিখ দেন। সে অনুযায়ী সাংবাদিক-কর্মীরা সকাল থেকে চ্যানেল ওয়ানের কার্যালয়ে আসতে থাকেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোন টাকা না পাওয়ায় তাদের কয়েকজন প্রতিনিধি দুপুর ১২ টার দিকে অধ্যাপক মাজিদুল ইসলামের কক্ষে যান। এসময় অধ্যাপক মাজিদুল সন্তোষজনক কোন কথা না বলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এতে ক্ষুব্ধ হয়ে প্রোগ্রাম বিভাগের কর্মীরা মাজিদুলের কক্ষের সামনে অবস্থান নেয় এবং তাকে অবরুদ্ধ করে রাখে।
তাদের সঙ্গে যোগ দেয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরা।
প্রায় পাঁচ শতাধিক বিক্ষুব্ধ সাংবাদিক ও কর্মী চ্যানেল ওয়ানের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এই বিক্ষোভের কথা শুনে অন্যান্য টিভি চ্যানেলের সাংবাদিক ও কর্মীরা সেখানে ছুটে যান।
চ্যানেল ওয়ানের প্রতিবেদক কামরান করিম বলেন, "মাজিদুল ইসলামের কারণেই আজ টিভি চ্যানেলটির এই অবস্থা। তিনি বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্র"তি দিলেও তা রক্ষা করেননি। বেতন-ভাতা না পেয়ে আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি।"
প্রোগ্রাম বিভাগের সিনিয়র প্রযোজক আবুল হোসেন খোকন বলেন, "আমরা দুই মাসের বেতন পাই না। এই দুর্মূল্যের বাজারে পরিবার নিয়ে আমাদের মানবেতর অবস্থায় দিন কাটাতে হচ্ছে।" তিনি অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএএ/কেএমএস/এইচএ/২২৫৮ ঘ.
bdnews24