২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন মামলার শুনানি বৃহস্পতিবার

ভোটার তালিকায় 'ভুয়া' মুক্তিযোদ্ধা থাকার অভিযোগ এনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা মামলার শুনানি হবে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 07:18 PM

Updated : 25 Aug 2022, 12:39 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকায় 'ভুয়া' মুক্তিযোদ্ধা থাকার অভিযোগ এনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা মামলার শুনানি হবে বৃহস্পতিবার। 'ভুয়া' মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত বর্তমান ভোটার তালিকায় নির্বাচন অনুষ্ঠান বন্ধে মামলাটি করেন সুইডেন প্রবাসী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সৈয়দ শহিদুল হক মামা, মুক্তিযোদ্ধা আজিজ উদ্দিন আহমেদ ও মো. আলী আহসান সোহেল। গত ১৭ জুন ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলাটি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আগামী ২৬ জুন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রণীত ভোটার তালিকায় অসংখ্য 'ভুয়া' ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা মহানগরীর কোতোয়ালি অঞ্চলে ৮৬ জনকে ভোটার করা হয়েছে, যাদের মধ্যে ৩০ জনের নাম ওই অঞ্চলের মুক্তিযোদ্ধা তালিকার গেজেটে নেই। আরো ২১ জন সরকার স্বীকৃত তালিকার মুক্তিযোদ্ধা নয়। এছাড়া ভোটার তালিকায় মৃত মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে। মামলায় ভোটার তালিকা অবৈধ ঘোষণা করে তা সংশোধন করে ভোট গ্রহণের আদেশ চাওয়া হয়। একই সঙ্গে আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নির্বাচন অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তার কারণ দর্শাতে বলেছেন বিচারক শেখ মো. মুজাহিদুল ইসলাম। মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কমিশনার ও ঢাকার জেলা প্রশাসকসহ সাতজনকে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। বুধবার ঢাকার কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে মামলার তিন বাদী উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের ভোটার তালিকা থেকে 'ভুয়া' মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার দাবি জানান। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/০১০৭ ঘ.