বগুড়া, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে বুধবার বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ছাত্রলীগ ভাংচুর চালিয়েছে। এ সময় পুলিশের লাঠিপেটায় সংগঠনটির পাঁচ নেতাকর্মী আহত হয়।
আহতরা হলেন- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা নাজমুল কাদির শিপন, ভুগোল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আবু রায়হান, ইতিহাস শেষ বর্ষের ছাত্র মুক্তার, রকি ও মাহফুজ।
এর মধ্যে শিপনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে উচ্চ মাধ্যমিকে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে নিয়ম বহির্ভূত ভর্তির অভিযোগ করেন।
এ সময় ছাত্রলীগের বাধার মুখে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে বেলা ১২টায় পুলিশের সহায়তায় আবার ভর্তি কার্যক্রম শুরু হয়।
এরপর দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা আবার সংগঠিত হয়ে উদ্ভিদবিদ্যা, হিসাববিজ্ঞান, রসায়ন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আসবাবপত্র, দরজা-জানালা, চেয়ার-টেবিল ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে।
এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামরুল হুদা উজ্জ্বল, কামরুল হাসান ডালিম প্রমুখ।
তারা পুলিশের লাঠিচার্জের নিন্দা ও ক্ষোভ প্রকাশ এবং অধ্যক্ষের অপসারণ দাবি করেন।
অধ্যক্ষ একেএম সালামত উল্লাহ ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতার কথা উল্লেখ করে বলেন, "বোর্ডের নিয়ম অনুযায়ী আমরা ভর্তি কার্যক্রম চালাচ্ছি। কারো কোনো অভিযোগ থাকলে আমাকে লিখিতভাবে জানাতে পারতো।
"কিন্তু তা না করে ছাত্রলীগের কিছু কর্মী কলেজে ভাংচুর চালায়।"
নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.
bdnews24