সিলেট, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যাকবলিত সিলেটকে হরতালের আওতামুক্ত রাখতে বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
বুধবার দুপুরে সিলেটের বালাগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে এক পথসভায় তিনি বলেন, "অন্তত সিলেটবাসীকে এ হরতাল থেকে মুক্তি দিন।"
বন্যাকবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে হরতাল ডেকে দুর্ভোগ বাড়ানোয় তিনি বিরোধী দলের সমালোচনা করেন।
আব্দুর রাজ্জাক বলেন, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। দল মতের ঊর্ধ্বে থেকে অসহায় দুর্গতরা যাতে ত্রাণ পায় সেটা নিশ্চত করতে হবে।
সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো মানুষের খাওয়ার কষ্ট হবে না।
বালাগঞ্জ ডিগ্রি কলেজের সামনে আয়োজিত পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আনহার মিয়া, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী প্রমুখ।
সভা শেষে তিনি উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এর আগে সকাল ১০টায় তিনি উপজেলার সাদীপুরের গজিয়া এলাকায় আসেন। গজিয়া আশ্রয় কেন্দ্র ও মনোহরপুর বাজার পরিদর্শন করে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরন করেন।
পরে স্পিডবোটে বল্লভপুর, হাজীপুর, মশাখলা, মাকড়সী গ্রাম ঘুরে দেখেন।
বালাগঞ্জের কর্মসূচি শেষে দুপুরের পর তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.
bdnews24