শরীয়তপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরে মেঘনা নদীতে একটি ফেরি ডুবে গেছে। কয়েকটি বাস, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও ট্রাক নিয়ে ফেরিটি ডুবে গেলেও কোনো যাত্রী হতাহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
বুধবার দুপুরে চাঁদপুর-শরীয়তপুর নৌপথের এই ফেরিটি তলা ফেটে শরীয়তপুরের আলুরবাজার ঘাটের কাছে ডুবে যায় বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি।
ফেরিডুবির ঘটনা তদন্তে নৌ-পরিবহন মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা (বিআইডব্লিউটিসি) চাঁদপুর-হরিনা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জহির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টায় চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে দুইটি যাত্রীবাহী বাস, চারটি মালবাহী ট্রাক, দুইটি পিকআপ, একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস নিয়ে 'ফেরি ঢাকা' শরীয়তপুরের আলুরবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আলুরবাজার ঘাটের কাছাকাছি যাওয়ার পর দুপুর দেড়টার দিকে ফেরিটির তলা ফেটে কয়েক মিনিটের মধ্যে ডুবে যায়।
তিনি বলেন, যানবাহন ও ফেরিতে থাকা যাত্রীদের আশপাশের নৌকা ও স্থানীয় লোকজন এসে উদ্ধার করায় কোনো হতাহত হয়নি।
শরীয়তপুরের দমকল বাহিনীর কর্মীরা লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে লাশটি উদ্ধার করেছে।
জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন, পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম সহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারের চেষ্টা চলছে।
ফেরিডুবির ঘটনা তদন্তে বিকালে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাণিজ্যিক) মো. আব্দুল কুদ্দুছকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে সমূদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক জাহিদ হোসেনকে।
অপর দুই সদস্য হলেন বিআইডব্লিউটিএ'র যুগ্ম-পরিচালক মো. আব্দুর রাজ্জাক ও শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিকে দুর্ঘটনার কারণ ও দায়-দায়িত্ব নির্ণয় ও প্রতিকার, জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূ"পণ করে সুপারিশসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/ডিডি/এমএসবি/১৯৪০ ঘ.
bdnews24