বরিশাল, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরীতে ছাত্রদলের একটি মিছিল থেকে তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ তাদের আটক করে।
পুলিশ বলেছে, অনুমতি না নিয়ে মিছিল করায় তাদের আটক করা হয়েছে। এদের ৫৪ ধারায় (সন্দেহভাজন) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
আটককৃতরা হলেন- নগরীর ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সজিব (২৫), কর্মী মো. আরিফ (১৯) ও রশিদ আহম্মেদ (১৬)।
কোতয়ালি মডেল থানার (ওসি) কমলেশ চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল ৫টার সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর শাখা শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রার পিছনে বিএনপির ২৭ জুন দেশব্যাপী ডাকা হরতালের সমর্থনে দলটির সমর্থক ছাত্রদলের ১৫-২০ জন নেতাকর্মী একটি মিছিল বের করে।
অনুমতি ছাড়া মিছিল বের করায় পুলিশ মিছিল ছল্ফভঙ্গ করে দিয়েছে। আটক করা হয়েছে ওই তিনজনকে।
মহানগর পুলিশের সহকারী কমিশনার এ এফ এম আনোয়ার হোসেন খান জানান, নগরীতে মিছিল করার আগে কমিশনারের কাছ থেকে অনুমতি নিতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.
bdnews24