২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নির্বাচনের কিছু ঘটনা খতিয়ে দেখা হবে: সাখাওয়াত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন ও আগের দিন সংঘটিত কিছু ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 12:36 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন ও আগের দিন সংঘটিত কিছু ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার রাজধানীর নির্বাচন কমিশনে তিনি সাংবাদিকদের বলেন, "নির্বাচনের আগের দিন ইসির নির্দেশ ছাড়া গ্রেপ্তার এবং ফলাফল ঘোষণার সময় ব্যালট বাক্স ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হবে।" আগামীতে অনাকাঙ্খিত ঘটাতে এড়াতে এ বিষয়গুলোতে নজর দেওয়া হবে বলে জানান এই নির্বাচন কমিশনার। নির্বাচনের আগের দিন বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আটক করে পুলিশ। তাকে ভোটার তালিকা প্রণয়ন বিধি-২০০৯ ভঙ্গের অভিযোগে করা নির্বাচন কমিশনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, পরাজিত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিনের ১৪ দফা অভিযোগ নির্বাচন কমিশন সচিবালয়ে এসে পৌঁছেছে। অভিযোগগুলো কমিশন সভায় উপস্থাপনের জন্য প্রধান নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে সাখাওয়াত জানান, সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে মহিউদ্দিন চাইলে মামলা করতে পারেন। গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরশেন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিনকে হারিয়ে বিজয়ী হন বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের এম মনজুর আলম। এর আগে মেয়র পদে তিনবার বিজয়ী মহিউদ্দিন অভিযোগ করেন, তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। নাগরিক কমিটির সদস্য সচিব এমদাদুল ইসলাম স্বাক্ষরিত অভিযোগপত্রে দাবি করা হয়, নির্বাচন কমিশন ও প্রশাসনের একাংশের ষড়যন্ত্রে কমিটির প্রার্থী মহিউদ্দিন হেরে গেছেন। এ বিষয়ে কমিটি সুনির্দিষ্ট অভিযোগ কমিশনকে পাঠিয়েছে। নির্বাচন নিয়ে ব্রিটিশ হাইকমিশনের সন্তোষ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স। একইসঙ্গে নির্বাচনে একটি ওয়ার্ডে সফলভাবে ই-ভোটিং পদ্ধতি প্রয়োগ করায় তিনি নির্বাচন কমিশনের প্রশংসা করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাকে পাঠানো এক চিঠিতে ইভান্স বলেন, "সার্বিকভাবে এ নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে আমাদের পর্যবেক্ষকরা জানিয়েছেন।" মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব জেসমিন টুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই চিঠির কথা জানান। ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম নগর সংস্থার নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ইসির এই কর্মকর্তা। নির্বাচনের সময় জটিল পরিস্থিতিতে সঠিক নেতৃত্ব দেওয়ায় রিটার্নিং কর্মকর্তার প্রশংসা করেন ব্রিটিশ হাইকমিশনার। ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক সচিব জন রায়ানসহ ছয় সদস্যের একটি দল নির্বাচন পর্যবেক্ষণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/২২১৩ ঘ.