২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলা মামলায় দুই জেএমবির সাজা

ময়মনসিংহ আদালতে বোমা হামলা মামলায় দুটি ধারায় জামাআাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদসকে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 12:36 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ আদালতে বোমা হামলা মামলায় দুটি ধারায় জামাআাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদসকে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়। ২০০৫ সালের ১৭ আগস্টের এ হামলায় বিষ্ফোরণ ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের দায়ে পৃথক দু'টি ধারায় তাদের এ সাজা দেওয়া হয়। ওইদিন সারাদেশে একযোগে অনেক স্থানে বোমা হামলা হয়। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. রেজাউল ইসলাম এ রায় দেন। দণ্ডিতরা হলেন- মো. কাউছার আলম ওরফে সুমন ও আমান উল্লাহ আকন্দ ওরফে ছানাউল্লাহ। রায়ে বলা হয়, অস্ত্র আইনে তাদের প্রত্যেককে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে। একইভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের দায়ে প্রত্যেককে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে। উভয় সাজা একযোগে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জেএমবি নেতা সালাহউদ্দিন ওরফে সালেহীনসহ ১০ জনকে খালাস দেওয়া হয়। এরা হলেন- সালাহউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজীব ওরফে তাওহীদ, মেহেদী হাবিব মোহাম্মদ রফিক, কাউছার ওরফে ইউনুছ, আশ্রাব, জাকারিয়া আলম ওরফে টিপন, মো. আল মাসুম, জয়দুল্লাহ, হাবিবউল্লাহ, রফিকুল ইসলাম ও আজিজুল হক ওরফে গোলাপ। রায় ঘোষণার সময় সালাহউদ্দিন, কাউছার আলম ওরফে সুমন, আমানউল্লাহ, কাউছার ওরফে ইউনুছকে কারাগার থেকে আদালতে আনা হয়। বাকি আসামিরা পলাতক রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১১ টার দিকে ময়মনসিংহ আদালতের বিভিন্ন জায়গায় বোমার বিস্ফোরণ ঘটে। এরপর ঘটনাস্থল থেকে জেএমবি'র বিভিন্ন প্রচারপত্র ও বোমার আলামত উদ্ধার করা হয়। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে ওই বারে আইনজীবীদের একটি প্রতীক অনশন চলছিল। ময়মনসিংহ কোতয়ালি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে বিষ্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত আসামির বিরুদ্ধেএ মামলা দায়ের করেন। আসামি আমানউল্লাহ, কাউছার আলম ওরফে সুমন এবং সালাহউদ্দিন ওরফে সালেহীন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষে ২০ জন সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলাম। পলাতক আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট প্রকাশ রঞ্জন বিশ্বাস। বিশেষ পিপি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দুই দণ্ডিতের বিরুদ্ধে নেত্রকোনার একটি বিষ্ফোরক ও অন্তর্ঘাতমূলক কাজের মামলায় পৃথক দু'টি ধারায় ২৫ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানার রায় হয় ২০০৯ সালের ১২ আক্টোবরে। এছাড়া এ মামলায় খালাস পাওয়া সালাহউদ্দিনের বিরুদ্ধে দুইয়ের অধিক মামলায় ফাঁসি ও যাবজ্জীবন করাদণ্ড রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২১৪৫ ঘ.