ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেন, "বাছাই কমিটি কমিশনের সদস্যদের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবেন।"
মঙ্গলবার সচিবালয়ে ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত আইনার এইচ. জেনসেন আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মানবাধিকার কমিশনের আইন অনুযায়ী ৭০ বছর পেরিয়ে যাওয়ায় কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবিরের মেয়াদ শেষ হয়ে যায়। এর আগে কমিশনের অন্য দুই সদস্য মুনিরা খান ও নিরু কে চাকমা তাদের নিজ কর্মস্থলে ফিরে যান।
শফিক আহমেদ বলেন, "স্পিকারের নেতৃত্বে একটি বাছাই কমিটি মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়োগের জন্য নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। যারা মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ ও সচেতন তাদেরই নাম প্রস্তাব করা হয়েছে।"
তিনি বলেন, মানবাধিকার কমিশনের আইনের কোনও ঘাটতি নেই। তারপরও কমিশনকে কার্যকর ও শাক্তিশালী করতে আইনের পরিবর্তন প্রয়োজন হলে তা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা বাহিনী বা যে প্রতিষ্ঠানই হোক না কেন, সেখানে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটলে তা কমিশনই দেখবে।
২০০৮ সালের ১ ডিসেম্বর এ কমিশনের চেয়ারম্যান ও অপর দুই কমিশনারকে ৩ বছরের জন্য নিয়োগ দেয় সরকার।
এর আগে একই বছরের ১ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৭ এর ধারা ৩(১) অনুসারে এ কমিশন প্রতিষ্ঠা করে সরকার।
পরবর্তীতে মহাজোট সরকার ক্ষমতায় এসে ২০০৯ সালের ১৪ জুলাই ওই অধ্যাদেশকে বৈধতা দিয়ে জাতীয় মানবাধিকার কমিশন আইন পাশ করে।
কমিশনের সদস্যরা বিভিন্ন সময় অভিযোগ করে আসছেন যে, বিধি-বিধানের অভাবে কমিশনের 'হাত-পা বাধা'। এ জন্য অনেক কাজই তারা করতে পারে নি। এছাড়া কমিশনের দেওয়া সুপারিশও সরকার বাস্তবায়ন করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৮২৭ ঘ.
bdnews24