সাভার, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় সব কারখানা বন্ধ ঘোষণার পর মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
আশুলিয়ার জামগড়া এলাকায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) এর সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর মালিকানাধীন এনভয় গ্র"পের তিনটি কারখানার সামনে সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘাত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে এনভয় ফ্যাশান, এনভয় ডিজাইন ও মান্তা অ্যাপারেল্স এর সামনে ঢাকা-টাঙ্গাইল মহসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে কয়েকশ শ্রমিক।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করলে সংঘাত বেধে যায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে র্যাব ও অতিরিক্ত পুলিশ সেখানে যায়।
সকাল ৯টার দিকে কারখানা তিনটির সামনে র্যাব-পুলিশ এবং মহাসড়কের ওপারে শ্রমিকরা অবস্থান নিয়ে ছিলো।
শ্রমিকদের অভিযোগ তাদের না জানিয়েই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
পোশাক শিল্পের শ্রমিকদের বর্তমানে ন্যূনতম মজুরি ১৬৬২ টাকা ৫০ পয়সা। ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ও কারখানায় ভাংচুর চালিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘাত হয়েছে দফায় দফায়।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে আশুলিয়া এলাকার তৈরি পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ।
বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোশাক শিল্পের অস্থিরতার দরুন মালিকরা নিরাপদ বোধ করছেন না। তাই কাল (মঙ্গলবার) থেকে কারখানা বন্ধ রাখা হবে।"
তিনি জানান, সোমবার রাতে বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের নেতা ও আশুলিয়ার কারখানা মালিকদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।
সোমবার রাতে বিজিএমইএ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম আইনের ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী সংগঠনটি এই সিদ্ধান্ত নিয়েছে।
দাবি আদায়ে সোমবার তৈরি পোশাক শ্রমিকরা আশুলিয়ায় ব্যাপক তাণ্ডব চালায়। কয়েক হাজার শ্রমিক প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শতাধিক কারখানা ও গাড়ি ভাংচুর এবং ব্যাপক লুটপাট চালায়।
পুলিশ-শ্রমিক সংর্ঘষে আহত হয় দুই শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ ও জল কামান ব্যবহার করে। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
এর একদিন আগে একই দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নাসা গ্র"পের পাঁচটি প্রতিষ্ঠানের কয়েকশ শ্রমিক। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন কারখানার শত শত শ্রমিক। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে ছয় পুলিশসহ শতাধিক আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫০ ঘ.
bdnews24