২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে হামলা, ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাসহ ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 06:53 PM

Updated : 25 Aug 2022, 12:32 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাসহ ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তদন্ত কমিটি। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই হামলার ঘটনা ঘটে। এতে ২৫ ছাত্রদল নেতাকর্মী আহত হন। ঘটনা তদন্তে বিকালে সহকারী প্রক্টর আমজাদ আলীকে দায়িত্ব দেওয়া হয়। রাতে কমিটিতে আরো দুই সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়। তারা হলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহকারী প্রক্টর মো. ফজলুর রহমান এবং বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর ড. মোঃ আফতাব আলী শেখ। রাতে কমিটি ওই হামলায় সরাসরি জড়িত থাকার দায়ে ছয় ছাত্রলীগ নেতাকর্মীকে 'কেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না' মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ওই হামলায় নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতাদের মধ্যে কেন্দ্রীয় সহ-সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক মুস্তাক আহমেদ, মামুনুর রশীদ মামুন, পিন্টু, সাংগঠনিক সম্পাদক জয়দেব নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সোহাগ মাহমুদ, জিয়া হলের সভাপতি রিফাত হোসেন জিকো, সূর্যসেন হলের সভাপতি সাঈদ মজুমদার ও উৎপল সাহা ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরা হচ্ছেন সূর্যসেন হলের মামুন-অর-রশীদ (দর্শন), মোঃ নুর নবী সোহাগ (আইআর), সাইফুর রহমান (আরবি), মুহাম্মদ আনিছুর রহমান শিমুল (রাষ্ট্রবিজ্ঞান) এবং বঙ্গবন্ধু হলের সোহেল মীর্যা (দর্শন)। তদন্ত কমিটির প্রধান আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকেও একই অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম বলেন, "ওই হামলায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দায়ীদের চিহ্নিত করবে। আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব।" কমিটিকে যথাসম্ভব দ্রুত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। এর আগে বিকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ, ঘটনায় জড়িতদের শাস্তি এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের দাবিতে ছাত্রদল ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগাতার ধর্মঘটের ডাক দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০২৫ ঘ.