ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের তীব্র বিরোধিতা করেছেন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সাংসদ রাশেদ খান মেনন।
তবে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাংসদ তার বক্তব্যের বিরোধিতা করেন।
সোমবার সংসদে প্রস্তাবিত নতুন বাজেটের ওপর আলোচনার সময় মহাজোট সাংসদদের মধ্যে কয়লা উত্তোলন পদ্ধতি নিয়ে বিতর্ক জমে ওঠে।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বিকাল চারটায় প্যানেল চেয়ারম্যান ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন।
জ্বালানি খাতে জাতীয় স্বার্থবিরোধী শক্তিগুলো এখনো তৎপর দাবি করে মেনন বলেন "যেখানে কয়লানীতিই হয়নি, সেখানে ফুলবাড়িয়া ও বড়পুকুরিয়া খনি থেকে কিভাবে ডিসেম্বর থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে ?"
তিনি বলেন, "এখনো সব ক্ষেত্রে এশিয়া এনার্জি তৎপর আছে।"
বাজেট বক্তৃতায় অংশ নিয়ে ময়মসিংহ-৭ আসনের আওয়ামী লীগের সাংসদ রেজা আলী বড়পুকুরিয়া ও ফুলবাড়ি কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে মত দেন।
তিনি বলেন, "বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়লার গুণগত মান উন্নত। যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যাবে।"
রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা অভিযোগ করে বলেন, "মহাজোটের অনেক নেতাই চান না উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হোক। কয়লা নিয়ে রাজনীতি হচ্ছে।"
রংপুর-২ আসনের সাংসদ আনিসুল ইসলাম মণ্ডলও তার বক্তব্যে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার উপর জোর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24